০৭:৫৫ পি.এম
রাঙ্গামাটি, ২২ নভেম্বর ২০২৬ : জেলার কাপ্তাই উপজেলায় সৌরশক্তি চালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ (হিমাগার) নির্মাণের উদ্দেশ্যে আজ রাঙ্গামাটি জেলা পরিষদ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘প্রোগ্রেস’ প্রকল্পের বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার দুপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের প্রতিনিধি শাইং শাইং ইউ চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা, সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্পের ফোকাল অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ।
আরও পড়ুন: কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে প্রাণ গেল তিন বছর বয়সী শিশু তাবাসুমের
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সৌরশক্তিচালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নির্মাণের লক্ষ্যে এ চুক্তি সম্পন্ন হয়েছে। আধুনিক এবং তুলনামূলকভাবে স্বল্পব্যয়ী সৌরশক্তি প্রযুক্তি ব্যবহারের ফলে কাপ্তাই উপজেলার সাক্রাছড়ি এবং আশপাশের কৃষক ও গ্রামবাসীরা উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণে সুবিধা পাবেন।
এ বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাইয়ে এই হিমাগার স্থাপন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, যদি প্রকল্পের সুফল পাওয়া যায়, তবে পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় এই কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, হিমাগারটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় কমে যাবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজেই বাজারজাতকরণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সক্ষম হবেন। পাশাপাশি, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
আরও পড়ুন: নওগাঁয় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্বামীর পর মারা গেলেন স্ত্রীও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন