০৮:০৯ পি.এম
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে একযোগে তিনটি গ্রামে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ হামলায় অন্তত ১২টি ফিলিস্তিনি গাড়িতে আগুন লাগানো হয়েছে। একই সঙ্গে, বিভিন্ন স্থানে ফিলিস্তিন বিরোধী বর্ণবাদী স্লোগানও লেখা হয়েছে।
রোববার ভোরে পশ্চিম তীরের কাফর মালিক, দেইর আবু মাশআল এবং দেইর আল-সুদান গ্রামে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বসতি স্থাপনকারীরা তিনটি গ্রামে একযোগে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের যানবাহনে আগুন দেয় এবং বিভিন্ন স্থাপনায় বর্ণবাদী স্লোগান লিখে রাখে।
এদিকে, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরনের কাছে মাসাফের ইয়াত্তার আল-তুওয়ানি গ্রামেও পৃথক হামলা চালানো হয়েছে। সেখানে একটি ফিলিস্তিনি বাড়িতে হামলার পাশাপাশি একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
আরও পড়ুন: রাহুল গান্ধী ইসরাইল-ভারত কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের সালফিত শহরের পশ্চিমাঞ্চলে একটি কৃষি স্থাপনায়ও আগুন ধরানোর ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব হামলার মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ, বেসামরিক নাগরিকদের মারধর, ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন।
ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করতে এসব হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলো পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার ধারাবাহিকতা বলেই মনে হচ্ছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: ভারত-ইইউ মুক্ত বাণিজ্যের দুয়ার খুলছে ডিসেম্বরেই
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন