১১:৪৫ পি.এম
ফেনী, ১১ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ এবং পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেল ও তার স্ত্রী লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে।
মামলাগুলো বুধবার নোয়াখালীতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়, যেখানে অভিযোগ রয়েছে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন করা এবং দুর্নীতিতে সহযোগিতার।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন মামলাগুলো দায়েরের জন্য বাদী হন, যা দুদকের অনুমোদনক্রমে করা হয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ীর মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ (৬৭) দীর্ঘ ২১ বছর জেদ্দায় প্রবাসী আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ড ও অসদাচরণের মাধ্যমে রহিম উল্লাহ নিজের ও তার স্ত্রীর নামে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
অন্যদিকে, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেলের (৪৬) বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই মেয়াদে মেয়র থাকাকালে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ২৮ হাজার ৮২৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এছাড়া, তিনি ৬ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।
আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: আইনমন্ত্রী
সাজেলের স্ত্রী লুৎফুর নাহার চৌধুরীর (৪৪) বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রামের আগ্রাবাদে ৫২ দশমিক ৮৩ অযুতাংশ জমির ওপর ৫৫ লাখ টাকা ব্যয়ে একটি ফ্ল্যাট নির্মাণ করেছেন লুৎফুর নাহার। দুদকের অভিযোগ, তার স্বামী নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তাকে ওই ৫৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন