০৮:২৩ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য তাদের জন্য একটি বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করা আবশ্যক।
আজ রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত আইন সংস্কার বিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, আমাদের মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য তাদের বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য ২০ থেকে ২৫টি অনুমতি প্রয়োজন হতো। সেই অনুমতি নিতে কমপক্ষে ৬ মাস বিভিন্ন টেবিলে যেতে হতো। তবে, আমরা ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট-২০২৬ এর মাধ্যমে বিনিয়োগের প্রক্রিয়াকে এক ছাতার নিচে এনে সহজতর করার উদ্যোগ নিয়েছি।
আরও পড়ুন: অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই
আইনমন্ত্রী আরও বলেন, আইনকে যুগোপযোগী করার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, "কমার্শিয়াল কোর্ট যখন প্রতিষ্ঠা করা হবে, তখন বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার বিষয়টি অবশ্যই মাথায় রাখা হবে।"
আজকের পরামর্শ সভার প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন। পরামর্শ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপ মাইকেল ক্রেজার ও বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন