০৮:০৬ এম
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের কারণে এক পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলার ফলে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
ভুক্তভোগী মো. বাবুল হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে অভিযোগের বিষয়ে নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) এস এম এনামুল হক।
আরও পড়ুন: খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে যুবদলের সমাবেশ
এ হামলার ঘটনা ঘটেছে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাইদপাড়া এলাকায়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাইদপাড়া এলাকার নুর ইসলাম (২৮), নাজমুল হোসেন (৩০), নাজিমুদ্দিন (৬০), খোকন (৪২) ও হাবিজুদ্দিন (৪৮)।
অভিযোগের সূত্রে জানা যায়, বাবুল হোসেনের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত খোকনের বাড়িতে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সালিশের সময় হট্টগোলের কারণে এটি পণ্ড হয়ে গেলে বাবুল হোসেন বাড়িতে ফিরে যান। এর পর রাত সাড়ে ৯টার দিকে খোকনের নির্দেশে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাবুল হোসেনের বাড়িতে হামলা চালায়।
হামলার ফলে বাবুল হোসেন, তার স্ত্রী আমেনা বেগম (৫৫) এবং তিন মেয়ে ফাতেমা (৩০), তাহমিনা (২৮) ও মৌসুমী (২৪) আহত হন। মৌসুমীর মাথায় লোহার রডের আঘাতে ফাটা দেখা যায় এবং আমেনা বেগমের ডান হাতের আঙুল বাঁশের লাঠির আঘাতে ভেঙে যায়। হামলার সময় ওই পরিবারের নারীদের শ্লীলতাহানি এবং একজনের গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ
ভুক্তভোগী পরিবার জানায়, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত মৌসুমীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভুক্তভোগী বাবুল হোসেন বলেন, "দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আমাদের হুমকি দিয়ে আসছিল। সালিশ পণ্ড হওয়ার পর রাতে বাড়ি ফেরার পথে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সবাইকে এলোপাতাড়ি মারধর করে।"
তার বড় মেয়ে ফাতেমা বলেন, "হামলাকারীরা আমাদের মারধরের পাশাপাশি পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেছে এবং আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। রডের আঘাতে আমার ছোট বোন মৌসুমীর মাথা ফেটে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
এসআই এস এম এনামুল হক বলেন, "ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: খুলনায় ১০ দফা দাবিতে ডিসির কাছে নিকাহ্ রেজিস্ট্রারদের স্মারকলিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন