ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জিয়াউল আহসানকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব চিফ প্রসিকিউটরের


জিয়াউল আহসানকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব চিফ প্রসিকিউটরের

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’ বা ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন। প্রসিকিউশনের বাকি যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

জিয়াউল আহসানকে ১১৫ জনকে হত্যার দায়ে এমন শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তাকে পৃথিবীতে অবাঞ্ছিত করে তোলা উচিত। কারণ, যাদের তিনি হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে কোনো অপরাধ ছিল না।

আরও পড়ুন: দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা-শ্রমিকরা

‘পারসোনা নন-গ্রাটা’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, "আমরা বুঝিয়েছি, তাকে যেন সর্বোচ্চ শাস্তি দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করা হয়।" তিনি আরও জানান, এই ‘পারসোনা নন-গ্রাটা’ কেবল সেনানিবাসের ভেতরে নয়, বরং এমন একজন মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।

তিনি বলেন, "অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে।" বিষয়টি বোঝাতে জিয়াউলকে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করার কথাও বলেন তারা।

আমিনুল ইসলাম বলেন, "আক্ষরিক বা প্রতীকী অর্থে বলেছি যে, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’।" অর্থাৎ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে বক্তব্য দেবেন তারা।

জিয়াউল আহসানের বিভিন্ন অপকর্মের বিবরণ দিয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন। এ মামলার প্রথম সাক্ষী, তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, জিয়াউলকে সেনানিবাস থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল, যাতে তিনি সেখানে প্রবেশ করতে না পারেন। তবে এ ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা উচিত।

আরও পড়ুন: বাকৃবিতে ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারী আটক

তিনি প্রশ্ন করেন, একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন। চিফ প্রসিকিউটর বলেন, "যদিও আমাদের সাক্ষীর বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা এসেছে।" এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। তাই ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়ে বলেন, জিয়াউলকে এমনভাবে শাস্তি বা দণ্ড দেওয়া উচিত, যেন তিনি গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ হয়ে যান।

যুক্তিতর্কের একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের কিছু সেনা কর্মকর্তার বিবরণ তুলে ধরে তিনি বলেন, সেনা কর্মকর্তারা আমাদের জানমালের নিরাপত্তা দেবেন, কিন্তু তারা আমাদের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, এ বিষয়ে যুক্তিতর্কে তথ্য ও আইনের ব্যাখ্যা উপস্থাপন করেছেন তারা। প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী। প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী এবং তাদের সামনে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দি থেকে জানা গেছে, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনও ১১ জন বা এর বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হতো।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির নেতৃত্বে পুলিশের যৌথ টহল চলছে

চিফ প্রসিকিউটর বলেন, এভাবে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার কারণে সেসব উদ্ধারের সম্ভাবনা ছিল না। জলজ প্রাণীর কারণে কিছুদিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ১৬ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি আমরা। এর মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে। একজন নজরুল, অপরজন সজল। টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে।

মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে জিয়াউল আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন বলে দাবি করেছেন সাক্ষীরা। তবে তদন্তে ১১৫ জনের হত্যার তথ্য পাওয়া গেছে। এ সংখ্যা চূড়ান্ত নয়, আরও বেশি হতে পারে। কেননা গুমের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সেখান থেকেও আরও তথ্য পাওয়া যেতে পারে।

আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযান চালাতে গেছেন জিয়াউল। প্রতিবারই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কোনো কোনো অভিযানে সর্বোচ্চ ১১ জনকে হত্যা করা হয়েছে বলে সাক্ষীরা জানিয়েছেন।

আরও পড়ুন: মেহেদী হাসান পলাশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালী, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমানে একটি ভয়াবহ সামুদ্রিক বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। ইরান দাবি করেছে যে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। মার্কিন পাহারায় থাকা জাহাজগুলোকে লক্ষ্য করে তেহরানের এই আকস্মিক সমুদ্র অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

সর্বশেষ ঘটনার মধ্যে ওমানের খাসাব বন্দরের কাছে একটি কনটেইনার জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এটি মাঝসমুদ্রে থেমে যেতে বাধ্য হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা দাবি করেছে যে, ক্ষতিগ্রস্ত জাহাজটি নেভিগেশন সিস্টেম বন্ধ করে একটি অননুমোদিত রুট দিয়ে চলাচল করছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত বা ‘ট্রাম্পের হরমুজ রুট’ এড়িয়ে চলার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের নির্দেশনা অমান্য করা হলে এর দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

কনটেইনার জাহাজে হামলার ঠিক আগে চলমান এই সামুদ্রিক সংঘাতে আরও চারটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানার দাবি করেছে ইরান। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটির নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: টিওআই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ও জাপান চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


ভারত ও জাপান চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করছে

ভারত ও জাপান চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাবের মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করছে। আনুষ্ঠানিক সামরিক জোটে না গেলেও, যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং সামরিক অবকাঠামো ব্যবহারের মাধ্যমে দুই দেশ একটি কৌশলগত বলয় গড়ে তুলছে।

সম্প্রতি, জাপানের সামরিক বাহিনীকে ভারতের প্রশিক্ষণক্ষেত্রে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যা এই সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক তৎপরতার ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত ভারত-জাপানের চতুর্থ ‘টু প্লাস টু’ বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা এ বিষয়ে একটি সম্মতিপত্রে সই করেন। এই সম্মতিপত্রের ফলে প্রথমবারের মতো জাপানের আত্মরক্ষা বাহিনী ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে সরাসরি গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ পাবে। এতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের অনুশীলন অন্তর্ভুক্ত হতে পারে।

তবে, এটি এখনই জাপানকে ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে অবাধ প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নয়। এর বাস্তবায়ন পদ্ধতি ও প্রয়োজনীয় শর্ত এখনো চূড়ান্ত হয়নি।

নিরাপত্তাঝুঁকি ও উদ্বেগ

ভারত ও জাপানের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে রয়েছে চীন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে।

তিব্বত ও জিনজিয়াংয়ে চীনের সামরিক অবকাঠামো, বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি ভারতের উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কও দুই দেশের নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, জাপানের উদ্বেগের প্রধান জায়গা পূর্ব চীন সাগর ও তাইওয়ান। সেনকাকু দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে চীন। যদিও দ্বীপগুলো জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে, বেইজিং এগুলোকে দিয়াওয়ু নামে অভিহিত করে। তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতাও টোকিওর নিরাপত্তা ভাবনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সামুদ্রিক নিরাপত্তায় জোর

ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালির সামুদ্রিক নিরাপত্তা দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গত ২০ আগস্ট ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন।

এ সমঝোতার আওতায় সমুদ্রপথে নজরদারি, তথ্য বিনিময়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং নৌযানের মেরামত ও রসদ সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বাড়ছে মহড়া

দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়াও বাড়ছে। ২০১৮ সাল থেকে ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে ‘ধর্ম গার্ডিয়ান’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

নৌবাহিনীর মধ্যে ‘জাইমেক্স’ এবং বিমানবাহিনীর মধ্যে ‘ভীর গার্ডিয়ান’ মহড়াও সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে। দুই দেশ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘মালাবার’ নৌ মহড়াতেও অংশ নিচ্ছে।

প্রতিরক্ষা প্রযুক্তিতেও অংশীদারত্ব

সামরিক মহড়ার পাশাপাশি, প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ বাড়াচ্ছে দুই দেশ। এর একটি উদাহরণ ‘ইউনিকর্ন’ নামের বিশেষ যোগাযোগ অ্যানটেনা ব্যবস্থা।

জাপানের তৈরি এই প্রযুক্তি যুদ্ধজাহাজের একাধিক অ্যানটেনাকে একটি কাঠামোয় সংযুক্ত করে। এতে তড়িৎচৌম্বকীয় প্রতিবন্ধকতা ও জাহাজের রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।

২০২৪ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে এ প্রযুক্তি যৌথভাবে তৈরির বিষয়ে দুই দেশ সমঝোতা করে। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র ও উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং জাপানের সংশ্লিষ্ট সংস্থার যৌথ গবেষণার পরিকল্পনাও রয়েছে।

জোট নয়, অংশীদারিত্বে জোর

তবে, ভারত ও জাপানের এই সম্পর্ক এখনো আনুষ্ঠানিক সামরিক জোটে রূপ নেয়নি। কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিকভাবে সহায়তা করতে বাধ্য—এমন চুক্তি তাদের মধ্যে নেই।

ভারত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়, অন্যদিকে জাপানের সামরিক ভূমিকা দেশের সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়। ফলে, চীনকে সরাসরি সামরিকভাবে মোকাবিলার চেয়ে নিজেদের সক্ষমতা বাড়িয়ে সম্ভাব্য আগ্রাসনের খরচ বাড়ানোই দুই দেশের প্রধান লক্ষ্য।

এভাবেই আনুষ্ঠানিক জোট ছাড়াই ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


চট্টগ্রামে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

চট্টগ্রামের বাকলিয়ায় মাদক মামলা সংক্রান্ত একটি ঘটনায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এই রায় দেন।

দণ্ডিতদের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক অবস্থায় থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানিয়েছেন, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ জুলাই নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীতে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে র‌্যাব-৭ একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. আলম, মোশারফ আলী এবং সেনোয়ারা বেগমকে আটক করা হয় এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফের কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারার কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মহাদেবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


নওগাঁর মহাদেবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুলিশ একটি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে, যার নাম আসাদ (৩২)। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের নিকটবর্তী একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসাদ বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের পুত্র। নিহতের পরিবারের দাবি, আসাদকে হত্যা করে পরিকল্পিতভাবে মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের নানা হারুন জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে আসাদকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আসাদ আর বাড়িতে ফেরেননি। রাতের সময় তার ফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, কিন্তু তার সন্ধান পাননি। পরবর্তীতে সকাল ১০টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসাদের ঝুলন্ত মরদেহ গাছের সাথে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও জানান, নিহতের পরিবারে একটি কলহের তথ্য পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%