০৭:০৫ পি.এম
দীর্ঘ আট বছরের প্রতীক্ষার পর, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। চা-বাগান অধ্যুষিত অঞ্চলে এই নির্বাচনের কারণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
নির্বাচনের প্রেক্ষাপটে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল এসব তথ্য তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ। জেলা প্রশাসক জানান, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এছাড়া মৌলভীবাজার সদরে ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন এবং বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন।
আরও পড়ুন: শ্যামাসুন্দরী খাল ও আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান
তিনি বলেন, দীর্ঘ আট বছর পর এই নির্বাচন চা-শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি করেছে। এটি শুধু নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়, বরং চা-শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার চর্চা ও নিজেদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চা-বাগানের ম্যানেজার ও মালিকদের সঙ্গে পৃথক সভা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিটি উপজেলায় নির্বাচন পরিচালনা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিশেষভাবে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েত ও ১৮ হাজার ৮২২ জন ভোটার থাকায় এ উপজেলায় নির্বাচন পরিচালনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের নির্বাচন পরিচালনা ও ভোটগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে চা-শ্রমিকদের অধিকার, স্বার্থ ও দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে নির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
আরও পড়ুন: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও পেজ বন্ধের জন্য হাইকোর্টে রিট
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থান জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান জেলা প্রশাসক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন