ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ


গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় 'ফিন বাংলা অ্যাপারেলস' এর এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে আড়াই শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন। পরে ওই নারী কারখানার কর্মকর্তাদের সঙ্গে থানায় গিয়ে পুলিশকে জানান যে তিনি সুস্থ আছেন।

মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

সেদিন দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করতে গেলে কিছু বহিরাগত ব্যক্তি তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। এক পর্যায়ে ফিন বাংলা অ্যাপারেলসের সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) নামের এক শ্রমিক সামান্য আঘাত পান। পরে উপস্থিত শ্রমিকদের সহায়তায় তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

আরও পড়ুন: মিরসরাইয়ে অবৈধ বালুসহ ড্রাম ট্রাক ও ৩ জন আটক

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনার পর কারখানার আশপাশে দিলরুবা নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এই খবর শুনে সন্ধ্যায় ফিন বাংলা অ্যাপারেলসের সামনে ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে দিলরুবা নিজেই ফিন বাংলা অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা থানায় যান। তিনি পুলিশের কাছে তার সুস্থ থাকার বিষয়টি জানান এবং দুপুরের ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ গুজবের নেপথ্যের কারণ ও বহিরাগতদের বাধার বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: ঝালকাঠি পৌরসভায় নাগরিক সেবা নিতে ভোগান্তি, সাবেক ভাড়াটিয়াদের বিপত্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর বাবা-মা কিশোরী হেলিয়া ফাত্তাহিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর বাবা-মা কিশোরী হেলিয়া ফাত্তাহিকে হত্যা

ইরানে ১৯ বছর বয়সী এক তরুণীকে তাঁর বাবা-মা নির্মমভাবে হত্যা করেছেন, অভিযোগ উঠেছে যে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার মাত্র এক সপ্তাহ পর এই ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থা ‘হেনগাও’-এর তথ্য অনুযায়ী, গত শনিবার পশ্চিম ইরানের সানানদাজ শহরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি।

ঘটনার দিনেই পুলিশ হেলিয়ার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লায়লা ভেইসিকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কারণ হিসেবে ‘পারিবারিক কলহ’-এর কথা উল্লেখ করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিয়া ফাত্তাহি নামের ওই তরুণী এক তরুণের সঙ্গে সম্পর্কের কারণে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং গত সপ্তাহে তিনি পরিবারকে এই খবর জানান। এরপর ক্ষুব্ধ বাবা-মা তাঁকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনি প্রতিরোধক (অ্যান্টিকনভালস্যান্ট) বড়ি খাওয়ান এবং বেধড়ক মারধর করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর হেলিয়ার বাবা-মা প্রথমে আদালতে গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরপর বাড়ি ফিরে তাঁরা হেলিয়াকে জোর করে খিঁচুনি প্রতিরোধক ওষুধ (অ্যান্টি-সিজার পিল) খাওয়ান। পরে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং সবশেষে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, মঙ্গলবার কুর্দিস্তান প্রদেশের অপরাধ তদন্ত পুলিশের প্রধান নিশ্চিত করেছেন যে জিজ্ঞাসাবাদে বাবা-মা দুজনেই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন।

এই ঘটনার পর ইরানে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা এবং তথাকথিত ‘অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষার্থে হত্যার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। এই হত্যাকাণ্ডকে নারীর ওপর আধিপত্যবাদী মানসিকতা থেকে সৃষ্ট ‘ফেমিসাইড’ (লিঙ্গভিত্তিক নারীহত্যা) হিসেবে আখ্যা দিয়ে সংগঠনগুলো সুষ্ঠু বিচারিক তদন্ত এবং অপরাধীর সঙ্গে ভুক্তভোগীর সম্পর্ক যা-ই হোক না কেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ইরানে নারীদের ওপর এমন নৃশংসতার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ১৮ নভেম্বর উত্তর ইরানের গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন। স্থানীয় সংবাদমাধ্যম ও ‘খবরঅনলাইন’-এর তথ্যমতে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁর সাবেক প্রেমিক তাঁকে গুলি করে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

১৫ নভেম্বর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের একটি আবাসিক ভবনের আঙিনা থেকে সোগান্দ সায়্যাদি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্কুলের অধ্যক্ষ সোগান্দের কথিত প্রেমের সম্পর্কের বিষয়টি তাঁর বাবাকে জানিয়ে দেওয়ার পর বাড়ি ফিরলে বাবা তাকে মেরে ফেলতে পারেন—এমন আতঙ্কে ছিল সে। পুলিশ এই ঘটনায় হত্যার সন্দেহে তাঁর বাবাকে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির নেতৃত্বে পুলিশের যৌথ টহল চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির নেতৃত্বে পুলিশের যৌথ টহল চলছে

উত্তরা পূর্ব থানার সামনে থেকে শুরু করে বিমানবন্দর সংলগ্ন হাইওয়েতে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম। এই মহড়া ও যৌথ টহল কার্যক্রমের উদ্দেশ্য হলো সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টির লক্ষ্যে কাজ করা। ডিসি রেজাউল করিম এ তথ্য জানান।

ডিসি রেজাউল করিম তার বক্তব্যে উল্লেখ করেন, "কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।" তিনি আরও জানান, আশপাশের থানাগুলোর সমন্বয়ে একটি কম্বাইন্ড বা যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, "এলাকায় কিছু রাজনৈতিক উপাদান এবং গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কেউ কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার জায়গাগুলো মাথায় রেখেই সবাই মিলে যৌথ টহল দেওয়া হচ্ছে।" এর ফলে সাধারণ মানুষ নিরাপদ বোধ করতে পারবেন।

হাইওয়ে ও আজমপুর এলাকায় নজরদারির প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর মহাসড়ক হাইওয়ে নিরাপদ রাখতে এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দিয়াবাড়ি এলাকায় টহল বা মহড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেখানেও পুলিশি মহড়া অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সরকার মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করেছে কি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


পাকিস্তান সরকার মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করেছে কি?

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়েছে কি না, এই বিষয়ে লাহোরের পুলিশপ্রধানের (সিসিপিও) কাছে জবাব চেয়েছে হাইকোর্ট।

এছাড়া, তাকে উদ্ধারের জন্য দায়ের করা আবেদনের শুনানিতে আদালত মন্তব্য করেছে যে, যদি মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়ে থাকে, তাহলে এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। বেআইনিভাবে এমন পদক্ষেপ গ্রহণকারীদের এর পরিণতি ভোগ করতে হবে।

বুধবার বিচারপতি আলী জিয়া বাজওয়া স্থানীয় আইনজীবী আবরার হুসাইনের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আদালত মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করার যথাযথ কারণ জানাতে বলেছেন। এই বিষয়ে লাহোরের সিসিপিওকে নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের জীবন ও স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। আদালতের কাছে তাকে উদ্ধারের নির্দেশ দিতে অনুরোধ জানানো হয়েছে। এতে পাঞ্জাবের আইজিপি, লাহোরের ডিসিসহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিবাদী করা হয়েছে। শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করেন।

এর আগে, পুলিশ লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবনে যাওয়ার পথ কনটেইনার দিয়ে বন্ধ করে দেয়, ফলে তিনি বাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার লাহোর হাইকোর্ট বার সমিতির আয়োজনে সর্বদলীয় সম্মেলনে (এপিসি) তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, মাওলানা ফজলুর রহমান চৌং এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পে সিন্ধু প্রদেশের এক বন্ধুর বাসায় অবস্থান করছিলেন। পুলিশ ওই আবাসন প্রকল্পে যাওয়ার পথে কনটেইনার বসিয়ে রাস্তা বন্ধ করে দেয়। তবে পরে তার বাসভবনে যাওয়ার পথ থেকে কনটেইনার সরিয়ে নেওয়া হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান দাবি করেন, তিনি রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছেন। পুরো লাহোর শহরে রাষ্ট্রীয় বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান বলেন, ‘আজ লাহোর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বদলীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি আমাকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি এখন রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছি। পুরো লাহোর শহর রাষ্ট্রীয় বাধায় পরিপূর্ণ। সব রাস্তা বন্ধ, বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। একজন সভ্য নাগরিককে বুদ্ধিজীবীদের সমাবেশে যেতে বাধা দেওয়া হচ্ছে।’

এমন পরিস্থিতিতে, তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের জন্য লাহোর হাইকোর্টে আবেদন করেন স্থানীয় আইনজীবী আবরার হুসাইন।

আবেদনে বলা হয়, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজিত সর্বদলীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও পুলিশ তার বাসা ঘেরাও করে চলাচলে বিধিনিষেধ আরোপ করে। ফলে তার জীবন ও ব্যক্তিস্বাধীনতা ঝুঁকির মুখে পড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার ও সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কারণে মাওলানা ফজলুর রহমানের পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের ঘিরে রাষ্ট্রীয় সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

একাধিক দুর্নীতির তদন্ত, তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য আক্রমণকে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে জমিয়ত।

দলটির দাবি, সরকারের নীতির বিরোধিতা এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

গত ৮ নভেম্বর, মাওলানা ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়েরের সুপারিশ করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

পাকিস্তান পোস্টে অবৈধ নিয়োগের অভিযোগে তলবের পরও হাজির না হওয়ায় তাকে ইচ্ছাকৃতভাবে তদন্ত এড়িয়ে চলা ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। একই সঙ্গে তার নাম বিদেশযাত্রা নিয়ন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

এর আগে, জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাব) ১০ নভেম্বর আসাদ মাহমুদকে তদন্ত দলের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তান পোস্টে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে এই তদন্ত চলছে। ওই সময় শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন আসাদ মাহমুদ।

২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা ফজলুর রহমান। তার দলও ওই সরকারের অংশ ছিল।

কিন্তু ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলে যায়। নির্বাচনে কারচুপি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জমিয়ত।

এরপর থেকে সরকারের বিভিন্ন নীতি ও রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর প্রভাবের বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনা করে আসছেন মাওলানা ফজলুর রহমান।

জিও ও এক্সপ্রেস নিউজ উর্দু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


বাকৃবিতে ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক হওয়া কর্মচারীর নাম কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় টিএসসির দ্বিতীয় তলায় মাহমুদুল কবীরের কক্ষ থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। পরে জেরার এক পর্যায়ে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, আটক কর্মচারী তার অপরাধ স্বীকার করেছেন। আমরা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছি। এখন একটি প্রতিবেদন তৈরি করে রেজিস্ট্রার বরাবর পাঠানো হবে। এ ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন গণতদন্ত কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খানকে শিক্ষা বিষয়ক শাখা-২-এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে বিভিন্ন আবেদনের মাধ্যমে তিনি নিরাপত্তা শাখায় কাজের অনুমতি পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%