ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির নেতৃত্বে পুলিশের যৌথ টহল চলছে


নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির নেতৃত্বে পুলিশের যৌথ টহল চলছে

উত্তরা পূর্ব থানার সামনে থেকে শুরু করে বিমানবন্দর সংলগ্ন হাইওয়েতে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম। এই মহড়া ও যৌথ টহল কার্যক্রমের উদ্দেশ্য হলো সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টির লক্ষ্যে কাজ করা। ডিসি রেজাউল করিম এ তথ্য জানান।

ডিসি রেজাউল করিম তার বক্তব্যে উল্লেখ করেন, "কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।" তিনি আরও জানান, আশপাশের থানাগুলোর সমন্বয়ে একটি কম্বাইন্ড বা যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, "এলাকায় কিছু রাজনৈতিক উপাদান এবং গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কেউ কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার জায়গাগুলো মাথায় রেখেই সবাই মিলে যৌথ টহল দেওয়া হচ্ছে।" এর ফলে সাধারণ মানুষ নিরাপদ বোধ করতে পারবেন।

আরও পড়ুন: লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ঢাবি ভিসির

হাইওয়ে ও আজমপুর এলাকায় নজরদারির প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর মহাসড়ক হাইওয়ে নিরাপদ রাখতে এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দিয়াবাড়ি এলাকায় টহল বা মহড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেখানেও পুলিশি মহড়া অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সরকার মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করেছে কি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


পাকিস্তান সরকার মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করেছে কি?

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়েছে কি না, এই বিষয়ে লাহোরের পুলিশপ্রধানের (সিসিপিও) কাছে জবাব চেয়েছে হাইকোর্ট।

এছাড়া, তাকে উদ্ধারের জন্য দায়ের করা আবেদনের শুনানিতে আদালত মন্তব্য করেছে যে, যদি মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়ে থাকে, তাহলে এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। বেআইনিভাবে এমন পদক্ষেপ গ্রহণকারীদের এর পরিণতি ভোগ করতে হবে।

বুধবার বিচারপতি আলী জিয়া বাজওয়া স্থানীয় আইনজীবী আবরার হুসাইনের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আদালত মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করার যথাযথ কারণ জানাতে বলেছেন। এই বিষয়ে লাহোরের সিসিপিওকে নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের জীবন ও স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। আদালতের কাছে তাকে উদ্ধারের নির্দেশ দিতে অনুরোধ জানানো হয়েছে। এতে পাঞ্জাবের আইজিপি, লাহোরের ডিসিসহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিবাদী করা হয়েছে। শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করেন।

এর আগে, পুলিশ লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবনে যাওয়ার পথ কনটেইনার দিয়ে বন্ধ করে দেয়, ফলে তিনি বাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার লাহোর হাইকোর্ট বার সমিতির আয়োজনে সর্বদলীয় সম্মেলনে (এপিসি) তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, মাওলানা ফজলুর রহমান চৌং এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পে সিন্ধু প্রদেশের এক বন্ধুর বাসায় অবস্থান করছিলেন। পুলিশ ওই আবাসন প্রকল্পে যাওয়ার পথে কনটেইনার বসিয়ে রাস্তা বন্ধ করে দেয়। তবে পরে তার বাসভবনে যাওয়ার পথ থেকে কনটেইনার সরিয়ে নেওয়া হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান দাবি করেন, তিনি রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছেন। পুরো লাহোর শহরে রাষ্ট্রীয় বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান বলেন, ‘আজ লাহোর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বদলীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি আমাকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি এখন রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছি। পুরো লাহোর শহর রাষ্ট্রীয় বাধায় পরিপূর্ণ। সব রাস্তা বন্ধ, বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। একজন সভ্য নাগরিককে বুদ্ধিজীবীদের সমাবেশে যেতে বাধা দেওয়া হচ্ছে।’

এমন পরিস্থিতিতে, তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের জন্য লাহোর হাইকোর্টে আবেদন করেন স্থানীয় আইনজীবী আবরার হুসাইন।

আবেদনে বলা হয়, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজিত সর্বদলীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও পুলিশ তার বাসা ঘেরাও করে চলাচলে বিধিনিষেধ আরোপ করে। ফলে তার জীবন ও ব্যক্তিস্বাধীনতা ঝুঁকির মুখে পড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার ও সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কারণে মাওলানা ফজলুর রহমানের পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের ঘিরে রাষ্ট্রীয় সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

একাধিক দুর্নীতির তদন্ত, তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য আক্রমণকে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে জমিয়ত।

দলটির দাবি, সরকারের নীতির বিরোধিতা এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

গত ৮ নভেম্বর, মাওলানা ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়েরের সুপারিশ করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

পাকিস্তান পোস্টে অবৈধ নিয়োগের অভিযোগে তলবের পরও হাজির না হওয়ায় তাকে ইচ্ছাকৃতভাবে তদন্ত এড়িয়ে চলা ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। একই সঙ্গে তার নাম বিদেশযাত্রা নিয়ন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

এর আগে, জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাব) ১০ নভেম্বর আসাদ মাহমুদকে তদন্ত দলের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তান পোস্টে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে এই তদন্ত চলছে। ওই সময় শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন আসাদ মাহমুদ।

২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা ফজলুর রহমান। তার দলও ওই সরকারের অংশ ছিল।

কিন্তু ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলে যায়। নির্বাচনে কারচুপি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জমিয়ত।

এরপর থেকে সরকারের বিভিন্ন নীতি ও রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর প্রভাবের বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনা করে আসছেন মাওলানা ফজলুর রহমান।

জিও ও এক্সপ্রেস নিউজ উর্দু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


বাকৃবিতে ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়াবা সেবনরত অবস্থায় এক কর্মচারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক হওয়া কর্মচারীর নাম কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় টিএসসির দ্বিতীয় তলায় মাহমুদুল কবীরের কক্ষ থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। পরে জেরার এক পর্যায়ে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, আটক কর্মচারী তার অপরাধ স্বীকার করেছেন। আমরা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছি। এখন একটি প্রতিবেদন তৈরি করে রেজিস্ট্রার বরাবর পাঠানো হবে। এ ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন গণতদন্ত কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খানকে শিক্ষা বিষয়ক শাখা-২-এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে বিভিন্ন আবেদনের মাধ্যমে তিনি নিরাপত্তা শাখায় কাজের অনুমতি পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা-শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা-শ্রমিকরা

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার পর, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। চা-বাগান অধ্যুষিত অঞ্চলে এই নির্বাচনের কারণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

নির্বাচনের প্রেক্ষাপটে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল এসব তথ্য তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ। জেলা প্রশাসক জানান, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এছাড়া মৌলভীবাজার সদরে ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন এবং বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ আট বছর পর এই নির্বাচন চা-শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি করেছে। এটি শুধু নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়, বরং চা-শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার চর্চা ও নিজেদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চা-বাগানের ম্যানেজার ও মালিকদের সঙ্গে পৃথক সভা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিটি উপজেলায় নির্বাচন পরিচালনা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশেষভাবে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েত ও ১৮ হাজার ৮২২ জন ভোটার থাকায় এ উপজেলায় নির্বাচন পরিচালনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের নির্বাচন পরিচালনা ও ভোটগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে চা-শ্রমিকদের অধিকার, স্বার্থ ও দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে নির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থান জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান জেলা প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে ওসিসহ সাতজন আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে ওসিসহ সাতজন আসামি

ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ সাতজন আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের আস্তানায় অভিযান পরিচালনার পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সৌদি আরবপ্রবাসী মো. রিয়াদ মামলাটি দায়ের করেন।

মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে এসআরবির সিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চকরিয়া থানা পুলিশ ফাইতং এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর করা হয়। পরে ওই ভবন থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

বাদীর দাবি, ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক। স্থানীয়রা দাবি করেছেন, ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে। এর মধ্যে একটি বাড়ির মালিকানা ও পরিচয় নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে। অন্যদিকে রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে।

অভিযোগের বিষয়ে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে জানিয়েছেন, আন্তঃজেলা ডাকাত দলের প্রধান এবং এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তৌহিদের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলী, বোয়ালখালী, বান্দরবান, কক্সবাজার, রামু ও চকরিয়া থানায় খুন, মাদক ও ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। তিনি পলাতক আসামি। গত ১০ দিনে চকরিয়ার বিভিন্ন এলাকায় সংঘটিত চারটি ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

ওসি আরও জানান, চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা ও কাকারা এলাকায় তৌহিদের একাধিক বাড়ি রয়েছে। চকরিয়ার সীমান্তবর্তী লামার ফাইতংয়ের ওই বাড়িটি তার আস্তানা হিসেবে পরিচিত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে সময়ে সময়ে অভিযান পরিচালনা করা হয়। ভবনটি তৌহিদের শ্যালক রিয়াদের বলে দাবি করা হলেও জমি ও ভবনটি তৌহিদ এবং তার স্ত্রী রুমা আক্তারের নামে কেনা হয়েছে। ভবন ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। তদন্তকারী সংস্থার তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%