১২:১৫ পি.এম
দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকরী করার উদ্দেশ্যে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভা গঠনের অনুমোদন প্রদান করা হয়েছে। পাশাপাশি, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দফতর স্থানান্তরের অনুমোদনও দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই প্রস্তাবগুলো অনুমোদিত হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হবে।
আরও পড়ুন: লালপুরে সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
এছাড়া, বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে।
অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদনও প্রদান করা হয়েছে।
এছাড়া, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সাথে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করার অনুমোদনও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুস্থ জাতি গঠনে পরিচ্ছন্ন পরিবেশ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা অপরিহার্য: চসিক প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন