ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আলিবাবা উন্মোচন করল নতুন এআই মডেল ‘কিয়েন-৪-ম্যাক্স’


আলিবাবা উন্মোচন করল নতুন এআই মডেল ‘কিয়েন-৪-ম্যাক্স’

চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান আলিবাবা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘কিয়েন-৪-ম্যাক্স’ উন্মোচন করেছে। রবিবার প্রতিষ্ঠানটি জানায়, এই মডেলটি জটিল পেশাগত ও বৈজ্ঞানিক কাজগুলোকে আরও কার্যকরভাবে সম্পন্ন করতে সক্ষম। পাশাপাশি, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার জন্য মডেলটির সুরক্ষা ব্যবস্থাও উন্নত করা হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আলিবাবার দাবি, নতুন মডেলটি দিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল ও পেশাগত কাজ সম্পন্ন করা সম্ভব। এর মধ্যে ত্রিমাত্রিক নকশা তৈরি, গেম তৈরি, যন্ত্রাংশের নিখুঁত নকশা ও উৎপাদন, অর্থনীতি, আইন, স্বাস্থ্যসেবা এবং উন্নত বৈজ্ঞানিক গবেষণার কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্বব্যাপী উন্মুক্ত এআই মডেল তৈরিতে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠান আরও শক্তিশালী এআই মডেল তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। একই সঙ্গে, তারা এসব মডেল চালানোর খরচ কম রাখার বিষয়েও মনোযোগ দিচ্ছে। প্রতিযোগিতাটি দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, একবার দেখলেই উধাও হবে ছবি-ভিডিও

আলিবাবা জানিয়েছে, গত আগস্টে প্রকাশিত ‘কিয়েন-৩.৮-ম্যাক্স’-এর তুলনায় নতুন ‘কিয়েন-৪-ম্যাক্স’ আরও ভালো কার্যকারিতা প্রদান করে। এটি কমসংখ্যক টোকেন ব্যবহার করেও কার্য সম্পন্ন করতে সক্ষম, ফলে মডেলটির ব্যবহারে খরচ কম হবে।

নতুন মডেলটির প্রশিক্ষণের সময় কোডিংয়ের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও পরীক্ষা করেছে আলিবাবা। প্রতিষ্ঠানটির দাবি, এসব পরীক্ষার মাধ্যমে কোডের ভেতর ক্ষতিকর নির্দেশনা ঢুকিয়ে দেওয়া, মেমোরির নিরাপত্তায় ত্রুটি এবং ব্যবহারকারীর প্রবেশাধিকার নিয়ন্ত্রণের দুর্বলতার মতো ঝুঁকি কমানো হয়েছে।

এছাড়া সাইবার অপরাধ ও বিপজ্জনক পদার্থ-সংক্রান্ত কাজে মডেলটির অপব্যবহার প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। আলিবাবা জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ পরীক্ষায় মডেলটির মধ্যে বড় ধরনের উচ্চঝুঁকির কোনো সক্ষমতার প্রমাণ পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কি না, সে বিষয়ে উদ্বেগ বাড়ছে। এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাম্প্রতিক মাসগুলোতে চীনের এআই নির্মাতারা নতুন মডেল প্রকাশের সময় নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আগের চেয়ে বেশি তথ্য প্রদান করছে।

আরও পড়ুন: ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জঙ্গল সলিমপুরে আধুনিক কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


জঙ্গল সলিমপুরে আধুনিক কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

এক সময় যে এলাকাটি সাধারণ মানুষের জন্য প্রবেশ করা ছিল অত্যন্ত কঠিন। প্রশাসন, সাংবাদিক এবং মানবাধিকারকর্মী—কেউই যেখানে প্রবেশ করতে পারতেন না, সেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলীনগরে এবার কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এটি ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ হিসেবে পরিচিত।

দেশের অন্যতম বৃহৎ আধুনিক কারা কমপ্লেক্স গড়ে তোলার উদ্দেশ্যে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে কারা অধিদপ্তর। প্রকল্পটি একনেকে পাস হলেই শুরু হবে ফিজিবিলিটি স্টাডি। ইতোমধ্যে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিবেশের বিষয়ে যাচাই-বাছাই করেছেন।

কারা অধিদপ্তরের সূত্র জানায়, চলতি বছরেই কারা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এখন বাকি রয়েছে প্রকল্পটি প্রস্তুত করে অনুমোদন পাওয়া। তবে ৬৫ একরের পরিবর্তে ৩০০ একর জমি চাওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার প্রায় দুই হাজার হাজতি ও কয়েদিকে জঙ্গল সলিমপুরে নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৬৫ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছে। পরে ওই জমি কারা কর্তৃপক্ষের নামে বরাদ্দ দেওয়া হয়। তবে পূর্ণাঙ্গ কারা কমপ্লেক্স নির্মাণের জন্য ৩০০ একর জমির প্রয়োজন। এ জমি বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হবে।

সূত্র আরও জানায়, ২০৩০ সালের মধ্যে জঙ্গল সলিমপুরের এই কারা কমপ্লেক্সটি চালু হবে। আগামী বছর প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কারাগার কর্মকর্তারা জানান, জঙ্গল সলিমপুরে তিনটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মধ্যে একটি কারাগার হবে চট্টগ্রাম মহানগর আদালতের মামলাগুলোর বন্দিদের জন্য। অন্য একটি কারাগার হবে শুধুমাত্র মাদক মামলার আসামিদের জন্য, এবং তৃতীয়টি সংশোধনাগার হিসেবে কাজ করবে।

গত ৮ অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে এ কাজ হচ্ছে।

এ এলাকার বিভিন্ন মৌজায় সরকারি জমি রয়েছে। এসব জমি পাহাড় শ্রেণির হোক বা খাসজমি—সবকিছু সুশাসনের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে কারাগার, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, এসআরবিসহ পুলিশ একাডেমি গড়ে তোলা হবে।

জানা যায়, বর্তমান চট্টগ্রাম নগরীর লালদীঘিতে কেন্দ্রীয় কারাগার ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি বন্দির চাপ সামলাচ্ছে। ১৪০ বছরের পুরোনো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ২,২৪৯ জন হলেও সেখানে বন্দি রয়েছে ছয় হাজারের বেশি। অতিরিক্ত বন্দির চাপে কারাগার ব্যবস্থাপনা কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকাটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্য হিসেবে পরিচিত। পাহাড় কেটে ৯০ দশকের শেষদিকে আলী আক্কাস নামে এক ব্যক্তি ওই এলাকাটিতে বসতি নির্মাণ শুরু করেন। পরবর্তীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হলে এলাকাটির নিয়ন্ত্রণ নেন মশিউর রহমান, ইয়াছিনসহ একডজন সন্ত্রাসী।

স্থানীয়দের অভিযোগ, দেড় লাখের বেশি মানুষ বছরের পর বছর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে জিম্মি জীবন কাটিয়েছেন সেখানে। আইনশৃঙ্খলা বাহিনীকেও একাধিকবার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ওই এলাকায় অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে গিয়ে খুনের শিকার হন বিলুপ্ত র‌্যাবের উপসহকারী পরিচালক আব্দুল মোতালেব। আলোচিত ওই হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

গত ৯ মার্চ চার হাজার সদস্য নিয়ে জঙ্গল সলিমপুর ও আলীনগরে বড় ধরনের অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ মে রাতে সেখানে থাকা র‌্যাব ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এমনকি রাস্তা কেটে প্রতিবন্ধকতা তৈরি করে তারা। এবার সেই এলাকায় অবকাঠামো নির্মাণে এগিয়ে যাচ্ছে কারা অধিদপ্তর।

কারা কর্তৃপক্ষের ডিআইজি (প্রিজন) ছগির মিয়া বলেন, গত বৃহস্পতিবার আমরা সেখানে পরিদর্শন করেছিলাম। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর সার্বিক বিষয় যাচাই-বাচাই করেন। তিনি সেখানকার সঙ্গে নগরীর যোগাযোগ, নিরাপত্তা, পারিপার্শ্বিক অবস্থা ঘুরে দেখেন। বিশেষ করে সড়কগুলো কোনদিকে যাবে, নতুন কী কী সড়ক করতে হবে—সেসব বিষয়ে আলোচনা করেন। পুরো ম্যাপটি তিনি সরেজমিনে দেখেছেন কোন পয়েন্টে কী হবে।

তিনি আরো বলেন, ৬৫ একর জমি কারা অধিদপ্তরের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আধুনিক কারা কমপ্লেক্সটি পূর্ণাঙ্গ করতে ৩০০ একর জমি প্রয়োজন হবে। সে পরিমাণ জমি আমরা মন্ত্রণালয়ের কাছে চাইব। আশা করছি ২০৩০ সালের মধ্যে এটি সম্পন্ন হবে।

তিনি জানান, জঙ্গল সলিমপুরের কারাগারে বন্দিদের জন্য সীমিত শিক্ষা, খেলাধুলা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ রাখা হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে মুক্তির পর সমাজে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য। তবে কারাগার নির্মাণের সময় সেখানকার পরিবেশ, বিশেষ করে পাহাড়কে রক্ষা করে করা হবে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালেবানের নিষেধাজ্ঞা, কান্দাহারের রেডিওতে ক্রিকেট সংবাদ বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


তালেবানের নিষেধাজ্ঞা, কান্দাহারের রেডিওতে ক্রিকেট সংবাদ বন্ধ!

আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির পুরুষ দলও নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে। তবে এবার তালেবান সরকার ক্রিকেট সংবাদ প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের রেডিও স্টেশনগুলোকে ক্রিকেট সংক্রান্ত খবর প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার এ বিষয়ে তথ্য প্রদান করেছে বার্তা সংস্থা এএফপি। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তারা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে স্টেশনগুলো ক্রিকেট নিয়ে কোনো অনুষ্ঠান প্রচার করতে পারবে না। এমনকি ম্যাচের ধারাভাষ্য, সংবাদ কিংবা দলের জয়ের খবরও প্রচার করা যাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য ও সংস্কৃতি বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ক্রিকেট সংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’

কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমরা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন পেয়েছি। আমাদের জানানো হয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কোনো খবর প্রচার করা যাবে না।’

অন্য একটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পেয়েছেন। তাঁর বক্তব্য, ‘কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, আপাতত ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত সবকিছুই নিষিদ্ধ।’ নিরাপত্তার কারণে দুই সম্প্রচারকই নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

তালেবান সরকারের সর্বোচ্চ নেতার বাসস্থান কান্দাহার। সেখানে ক্রিকেট সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মন্তব্য চাওয়া হয়েছিল এএফপির পক্ষ থেকে। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

আফগানিস্তানে ক্রিকেটের প্রতি তালেবান সরকারের অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত নতুন প্রশ্ন সৃষ্টি করেছে। ক্ষমতায় ফিরে আসার পর সরকার ক্রিকেটের প্রতি সমর্থন প্রদর্শন করেছে। এমনকি ক্ষমতা ফিরে পাওয়ার বর্ষপূর্তি উপলক্ষে গত আগস্টে ক্রিকেট ম্যাচের আয়োজনও করা হয়েছিল।

তবে দেশটিতে খেলাধুলার ওপর তালেবানের কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে। মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করেছে তারা। পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও নারী ও মেয়েদের খেলাধুলা এবং জিমে যাওয়া নিষিদ্ধ। জনজীবনে নারীদের অংশগ্রহণ সীমিত করার অংশ হিসেবেই এসব নিয়ম কার্যকর করা হয়েছে।

এদিকে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই আধুনিক চিকিৎসাসেবা শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই আধুনিক চিকিৎসাসেবা শুরু হবে

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন নির্মাণ ও উদ্বোধনের পরও জনবলের অভাবে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হয়নি। বর্তমানে ভবনটিতে কার্যক্রমের প্রায় ৫০ শতাংশ চালু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই নতুন ভবনে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগ (আউটডোর) এর প্রথম ও দ্বিতীয় তলায় রোগীদের সীমিত পরিসরে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে চালু রয়েছে। এছাড়া ক্যাথল্যাব, অস্ত্রোপচার-পরবর্তী সেবা ও একাডেমিক কার্যক্রমও সীমিত পরিসরে শুরু হয়েছে।

তবে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও কারিগরি জনবলের অভাবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। নতুন ভবনে ৫০০ শয্যা, ৪০টি আইসিইউ বেড, ২০টি হাই ডিপেনডেন্সি ইউনিট বেড (এইচডিইউ বেড), ১১২টি কেবিন, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

দেশের অন্যতম স্নায়ুরোগ চিকিৎসার বিশেষায়িত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, মেরুদণ্ডের জটিলতা, পারকিনসন্স, ডিমেনশিয়া, মৃগীসহ নানা জটিল স্নায়ুরোগে আক্রান্ত হাজারো মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু শয্যা সংকটে অনেক রোগীকে ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, ‘আমাদের জনবলের ঘাটতি আছে। তবে খুব শিগগিরই লোকবল নিয়োগ করা হবে। তখন হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা মিলবে।’

চলতি বছরের ১৫ আগস্ট ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৫০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনটি স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট পদ রয়েছে ৬৪৯টি। বর্তমানে কর্মরত আছেন ২৮৮ জন। শূন্যপদ রয়েছে ৩৬১টি। অর্থাৎ অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি শূন্য।

অন্যদিকে নার্সিং বিভাগে অনুমোদিত ৮৬৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭৮ জন। শূন্য রয়েছে ১৮৬টি পদ। সব মিলিয়ে চিকিৎসক ও নার্সের ৫৪৭টি পদ শূন্য রয়েছে। নতুন ৫০০ শয্যার ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরো ৮০০ থেকে ১০০০ জন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারী প্রয়োজন।

হাসপাতালটির ২০২৫-২৬ অর্থবছরের রোগীদের সেবাগ্রহণ সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৮ লাখ ১৩ হাজার ৯৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৭৮৯ জন এবং জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে ৩১ হাজার ২৯৩ জন।

২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। পরে আরো ২০০ শয্যা যুক্ত করে সক্ষমতা বাড়ানো হয়। গত এক দশকে স্নায়ুরোগীর সংখ্যা ও চিকিৎসাসেবার চাহিদা বাড়তে থাকায় হাসপাতালটির সক্ষমতা আরো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নির্মাণ করা হয় নতুন ৫০০ শয্যার ভবন। এটি চালু হলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত হবে।

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ব্রেন টিউমার অপারেশন করাতে নিউরোসায়েন্সেস হাসপাতালে এসেছেন রাশিদুল ইসলাম। তাকে নোয়াখালী সদর হাসপাতাল থেকে এখানে রেফার্ড করা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগের সামনে কথা হয় তার ভাই রবিউল ইসলামের সঙ্গে।

তিনি বলেন, বড় ভাইয়ের ব্রেন টিউমার ধরা পড়েছে। নোয়াখালীর চিকিৎসকরা দ্রুত অপারেশন করাতে বলেছেন। কিন্তু এখানে বেড ফাঁকা পাচ্ছি না, তাই ভর্তি করানো যাচ্ছে না। চারদিন ধরে হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়ায় রয়েছেন বলেও জানান তিনি।

হাসপাতালের জনবলের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট অনুমোদিত পদের সংখ্যা ২ হাজার ৭২৮। এর মধ্যে ১ হাজার ৬১৯ জন কর্মরত আছেন।

হাসপাতালের অধ্যাপক পদ রয়েছে ২৭টি, এর মধ্যে ৮ জন কর্মরত আছেন। আর শূন্য রয়েছে ১৯টি পদ।

সহযোগী অধ্যাপক পদ রয়েছে ৪৫টি, এর মধ্যে ১৬ জন কর্মরত থাকলেও শূন্য রয়েছে ২৯টি পদ। সহকারী অধ্যাপক পদ রয়েছে ৮৬টি, এর মধ্যে ২৩ জন কর্মরত আছেন, শূন্য রয়েছে ৬৩টি পদ। সিনিয়র কনসালটেন্ট পদ ৮টির মধ্যে ৬টি শূন্য। জুনিয়র কনসালটেন্ট পদ রয়েছে ২৫টি এর মধ্যে শূন্য রয়েছে ১৩টি। এ ছাড়া ইনডোর মেডিক্যাল অফিসার পদ ১৫১টির মধ্যে ১১১টি শূন্য রয়েছে।

সেবা বিভাগের জনবল চিত্র বিশ্লেষণ থেকে দেখা গেছে, উপ-সেবা তত্ত্বাবধায়কের পদ ৩টির মধ্যে ৩টি শূন্য। নার্সিং সুপারভাইজার পদ ২০টির মধ্যে ১৩টি শূন্য। সিনিয়র স্টাফ নার্সের পদ ৮৪০ জনের মধ্যে কর্মরত আছেন ৬৬৯ জন, শূন্য রয়েছে ১৭১টি পদ। এ ছাড়া আউটসোর্সিং কর্মীর পদ রয়েছে ১ হাজার ২১৫টি। এর মধ্যে কর্মরত আছেন ৬৫৬ জন। শূন্য রয়েছে ৫৫৯টি পদ।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান জানান, বর্তমানে জনবলের সংকট রয়েছে। জনবল এতদিনে নিয়োগ হয়ে যেত। কিন্তু সরকারি চাকরির নিয়োগের নীতিমালা পরিবর্তন হচ্ছে। এ কারণেই আমাদের জনবল নিয়োগে দেরি হচ্ছে।

তিনি বলেন, আমরা আশা করছি ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। নিয়োগের নীতিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি দেওয়া হবে।

হাসপাতালের পরিচালক আরো বলেন, একই সঙ্গে আউটসোর্সিংয়ে জনবল নেওয়ার কাজ চলমান। আশা করছি, দ্রুত নতুন ভবন চালু করতে পারব। নতুন ভবনে সব ধরনের সুফল পাবে রোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


ইবিতে সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে একসময় এগিয়ে থাকলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্তমানে তাদের আগ্রহ ক্রমাগত হ্রাস পাচ্ছে। টিউশন ফি ও আবাসন ব্যয়, সেশনজট, ভাষাগত জটিলতা, ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণ হারাচ্ছে। ভর্তি হওয়ার পরও অনেকে নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে পারছেন না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া ৩১ বিদেশি শিক্ষার্থীর মধ্যে ১৫ জন পড়াশোনা অসমাপ্ত রেখেই নিজ দেশে ফিরে গেছেন। স্নাতকোত্তরে ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে পাঁচজন, পিএইচডিতে আটজনের মধ্যে চারজন এবং এমফিলে পাঁচজনের মধ্যে দুজন কোর্স শেষ করতে পারেননি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২০। তারা নেপাল, নাইজেরিয়া, ভারত ও গাম্বিয়ার নাগরিক। এর মধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চারজন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আটজন, ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ছয়জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন রয়েছেন।

তথ্যানুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সাতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হলেও পরের বছর তা বেড়ে ২২ জনে পৌঁছায়। এরপর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১৬ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১৪ জন ভর্তি হন। তবে পরবর্তী বছরগুলোতে এ সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকে।

২০২০-২১ শিক্ষাবর্ষে মাত্র একজন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ছয়জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। সবশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিলে দুজন ভর্তি হলেও স্নাতক পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও স্নাতক পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থীর আবেদন জমা পড়েনি। তবে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ছয়জনের ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আজিজুর রহমান হলের আন্তর্জাতিক ব্লকের এক নেপালি শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী কোটা বন্ধ থাকায় বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা কমে গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে এসে ভাষাগত সমস্যার মুখেও পড়তে হয়।

তিনি আরো বলেন, ক্লাসে বাংলায় লেকচার দেওয়া হয়, যা বুঝতে আমাদের অসুবিধা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থী কোটা পুনরায় চালু করা হলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি নিয়ে প্রচারও খুব কম। ফলে অনেক বিদেশি শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারছেন না। বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো নজর দেওয়া প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনাতেও রয়েছে নানা সীমাবদ্ধতা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জনবল সংকট ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে। তবে তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে প্রশাসনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বিদেশি শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন আবাসিক হলের একটি ব্লকে আলাদা থাকার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য পরিকল্পনাও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ফরেন সেলের কর্মকর্তা শাহদৎ হোসেন বলেন, লোকবল ও অবকাঠামো সংকটে ফরেন সেল কার্যকরভাবে কাজ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফরেন সেলের তথ্য জটিলভাবে সংরক্ষিত থাকায় এবং নিয়মিত হালনাগাদ না হওয়ায় বিদেশি শিক্ষার্থীরা সহজে প্রয়োজনীয় তথ্য পান না।

তিনি আরো বলেন, দেশীয় শিক্ষার্থীদের তুলনায় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বেশি এবং হল ফিও প্রায় ছয়গুণ। এছাড়া আবাসিক হলের মান, আলাদা ডাইনিং সুবিধা ও টিউটরের ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি আরো বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%