শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:০২ পি.এম
বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যদিও এ ঘটনায় পরিবারের কেউ আহত হননি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর হুসাইন মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছে এই হামলার ঘটনা ঘটে।
হুসাইন মালিক বাংলাদেশ বেতার, স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মালিক জানান, তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিক হুসাইন মালিক, তিনি নিজে এবং পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেট কারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এই হামলায় প্রাইভেট কারটি ভাঙচুর করা হয়।
হাসান মালিক বলেন, "আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ওই সড়কে তার নিয়মিত যাতায়াত নেই। তবে তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে।"
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক হুসাইন মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবে সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ। এছাড়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) পল্লবী থেকে নিষিদ্ধ কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রবিন আহমেদ, বয়স ৪৪ বছর। তিনি পল্লবী থানা কৃষক লীগের সহসভাপতি হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, এসআরইউর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল এই অভিযানটি পরিচালনা করেছে। রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন, সুস্থ জাতির ভিত্তি হচ্ছে সুস্থ জনগণ। সুস্থ জনগণের গঠন প্রক্রিয়ায় অপরিহার্য হচ্ছে পরিচ্ছন্ন পরিবেশ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ।
তিনি উল্লেখ করেন, সমৃদ্ধ ও টেকসই সমাজের ভিত্তি হচ্ছে একটি সুস্থ নগরী। জনস্বাস্থ্য সুরক্ষা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়। রোগ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, জনসচেতনতা, বৈজ্ঞানিক গবেষণা এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম (বীর উত্তম) মিলনায়তনে ১৪তম জাতীয় ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি সম্মেলন ‘বানট্রপটক্স-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজ (বিএসআইটিডি) এবং টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (টিএসবি) সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেসের সভাপতি অধ্যাপক ডা. আমির হোসাইন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উচ্চ জনঘনত্ব এবং পরিবর্তনশীল পরিবেশগত পরিস্থিতির কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং নতুন ভাইরাসজনিত সংক্রমণের মতো জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দেশ।
এছাড়া কীটনাশকজনিত বিষক্রিয়া, সাপের কামড়, ওষুধের অতিমাত্রায় ব্যবহার এবং পরিবেশগত বিষাক্ত উপাদান স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য বাড়তি চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়, গবেষক এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ডা. শাহাদাত বলেন, বৈজ্ঞানিক গবেষণা একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবসম্মত নীতিমালা, কার্যকর চিকিৎসা পদ্ধতি এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগে রূপান্তরিত করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।
চসিক প্রশাসক জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বাদ পড়া শিশুদের টিকাদানের আওতায় আনা এবং বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করার কাজ চলছে।
তিনি আশা প্রকাশ করেন, দু’দিনব্যাপী এ সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশন, মূল প্রবন্ধ উপস্থাপন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসবে। একই সঙ্গে এই সম্মেলন চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, উপাধ্যক্ষ ডা. আনিসুল হোসাইন এবং চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুস সাত্তার ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক শামস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সাইবার অপরাধ ও অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ১৩ বাংলাদেশি সহ মোট ৪১ জনকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
নভেম্বরের শুরুতে ভাড়া করা তিনটি বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৬ জন জাপানি, ১৩ জন বাংলাদেশি, ১১ জন থাই এবং একজন লাওসের নাগরিক রয়েছে। সম্প্রতি লাওটিয়ান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় অভিযানগুলো পরিচালনা করে।
তিনটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার এবং চারটি ট্যাবলেট জব্দ করেছে কর্মকর্তারা।
লাওফাত্তানা নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। কর্তৃপক্ষের সন্দেহ, বাড়িটি সাইবার অপরাধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
সেখানে ৫৫টি মোবাইল ফোন এবং চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। সন্দেহভাজন কার্যক্রমে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের সহযোগীদেরও খুঁজছেন তদন্তকারীরা।
অন্যদিকে, সিসাত্তানাক জেলায় পৃথক অভিযানে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সন্দেহে একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১১ থাই নাগরিক এবং একজন লাওসের নাগরিককে আটক করা হয়। সেখান থেকে ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে লাওসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এছাড়া, গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের আরেকটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। সেখানে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২১টি মোবাইল ফোন এবং ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা।
এই ঘটনায় সন্দেহভাজন সাইবার অপরাধ কার্যক্রম পরিচালনায় সহায়তাকারী অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের খ্যাতনামা অভিনেতা অনিল কাপুর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আবার সাক্ষাৎ করেছেন। প্যারিসে অনুষ্ঠিত এই সাক্ষাতে শিল্প, সংস্কৃতি, সিনেমা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং স্থাপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) অনিল কাপুর তার ফেসবুক পোস্টে ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেন। পোস্টে তিনি ম্যাক্রোঁর সঙ্গে তোলা কয়েকটি ছবি যুক্ত করেছেন।
অভিনেতা তার পোস্টে উল্লেখ করেন, ভারতে প্রথমবার ম্যাক্রোঁর সঙ্গে দেখা হওয়ার সময় তাদের কথোপকথন এতটাই স্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল, তারা বহুদিনের পরিচিত। প্যারিসে পুনরায় সাক্ষাতের সময়ও তিনি সেই আন্তরিকতা অনুভব করেছেন।
অনিল কাপুর আরও জানান, তারা ম্যাক্রোঁর কার্যালয়ে নেপোলিয়নের সময়ের কিছু ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেছেন। ইতিহাসের শিক্ষা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী কেমন হবে, সেই বিষয়েও আলোচনা হয়েছে।
ম্যাক্রোঁর আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনিল কাপুর তাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। পাশাপাশি, ভবিষ্যতে ভারতে তাকে স্বাগত জানানোর আশা ব্যক্ত করেন এই অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ