ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হেলমেট-গ্লাভস ঠিক করতে গিয়ে সময় শেষ, অদ্ভুত আউটের সাক্ষী বিশ্ব


হেলমেট-গ্লাভস ঠিক করতে গিয়ে সময় শেষ, অদ্ভুত আউটের সাক্ষী বিশ্ব

ব্যাট হাতে ডিয়েন্ড্রা ডটিন তখনো প্রস্তুত ছিলেন না। তিনি হেলমেট ঠিক করছিলেন এবং গ্লাভস পরছিলেন। অন্যদিকে, বোলার সারাহ গ্লেন বল হাতে অপেক্ষা করছিলেন। কিন্তু অপেক্ষারও একটি নির্দিষ্ট সময় থাকে।

ক্রিজে ব্যাট হাতে প্রস্তুত হওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আম্পায়ার ডটিনকে স্টাম্পের সামনে থেকে সরে দাঁড়াতে বললেন। ফলে, সারাহ গ্লেনের জন্য ব্যাটার ছাড়াই বল করার সুযোগ সৃষ্টি হলো। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি স্টাম্প ভেঙে দিলেন! নারী বিগ ব্যাশে এমন অদ্ভুত আউটের শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডটিন।

এটি ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচের একটি ঘটনা। জর্জিয়া ওয়ারহ্যামের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন ডটিন। তবে মাঠে এসে ব্যাটিংয়ের প্রস্তুতি নিতে পারেননি তিনি। সরঞ্জামের কিছুটা এলোমেলো অবস্থার কারণে হেলমেট ঠিক করতে এবং গ্লাভস পরতে ব্যস্ত হয়ে পড়েন এই ক্যারিবীয় ব্যাটার। সময় পেরিয়ে যাওয়ায় আম্পায়াররা তার জন্য আর অপেক্ষা করেননি।

আরও পড়ুন: এবার ‘মিস্টার বাংলাদেশ’ হতে চান গোল্ড জিমের ট্রেইনার পুষ্টিবিদ নিয়ন

২০২১ সালের নারী বিগ ব্যাশ মৌসুমের আগে খেলার গতি বাড়াতে নতুন একটি নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরের বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। অথবা নন-স্ট্রাইকারকে বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। আম্পায়ারদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি ডটিন। তাই তাকে স্টাম্প থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, গ্লেনকে দেওয়া হয় ফ্রি বল। ব্যাটার ছাড়াই বল করার সুযোগ পেয়ে গ্লেন সরাসরি আঘাত করেন মিডল ও লেগ স্টাম্পে। কোনো বল খেলার সুযোগ না পেয়েই ডায়মন্ড ডাক নিয়ে ফিরতে হয় ডটিনকে।

এমন অদ্ভুত উইকেট পেয়ে গ্লেন শুরুতে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। কীভাবে উদ্‌যাপন করবেন, তা বুঝতে না পেরে তিনি হেসে ফেলেন। দুই হাত দিয়ে মুখ ঢাকেন। পরে সতীর্থরা গ্লেনকে ঘিরে ধরে উদযাপনে মাতেন।

ডটিনের এমন বিদায়ে ৩৪ বলে ৪১ রান প্রয়োজন ছিল রেনেগেডসের। হাতে ছিল পাঁচ উইকেট। তবে নাটকীয়ভাবে ম্যাচটি শেষ পর্যন্ত তারা জিতে নেয়। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে তিন উইকেটের জয় পায় মেলবোর্নের দলটি।

আরও পড়ুন: ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ‘আক্ষেপ’ গার্দিওলার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ঢাবি ভিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ঢাবি ভিসির

লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধের জন্য শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কাঠামো যথেষ্ট নয়, বরং বিদ্যমান আইনগুলোর বাস্তব প্রয়োগ এবং ক্যাম্পাসের সকল অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

‎

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং ওপ্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘Respect and Responsibility: Student-Led Solutions for Safer and Violence-Free Campuses’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

‎

ভিসি বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধের জন্য সম্ভাব্য সমাধানের উপায় বের করতে হবে। তরুণ প্রজন্মকে এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে সক্রিয় অভিযোগ সেল রয়েছে।

‎

তিনি আরও উল্লেখ করেন, নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা প্রয়োজন। একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, শিক্ষার্থীরা নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে এবং কেউ কোনো ধরনের বৈষম্য, হয়রানি বা সহিংসতার শিকার হবে না।

‎

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী।

‎

উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের প্রফেসর ড. তানিয়া হক।

‎

অনুষ্ঠানে আইডিয়া প্রতিযোগিতায় জমা পড়া ৪৭টি প্রস্তাবনার মধ্যে থেকে ১১টি আইডিয়াকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—তাসমিয়া আলম সুপ্তি, বাঁধন সাহা, সুচিতা আহমেদ রাভি, ফারজানা রাহমেদ শুচি, সাবরিনা রহমান সিম্মি, সাজিদা জামান তানহা, উজমা ফারিয়া মুন, শাবনাজ জামান, জুনায়েদ শাকিল, তাসিন মিথ ও কাজী শামসুজ্জামান।

‎

উল্লেখ্য, লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এর অংশ হিসেবে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠান ও আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বিদায় ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বিদায় ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষাবর্ষ ২৩-২৪ এর শিক্ষার্থীদের জন্য "বিদায় ও বিদায় পরবর্তী কর্মসংস্থান" শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভাটি বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টায় টিএসসি ভবনে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয়।

সভাপতির দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান। সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমির হোসেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জি এম শফিউর রহমান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম। এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী জেবুন্নাহার বর্ণ, হাফ্সা আক্তার মোহ্ এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় কুমার কর্মকারও বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে পড়াশোনা শেষ করার জন্য ধন্যবাদ জানান। বক্তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের সর্বোচ্চ বিদ্যাপীঠ। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি একাডেমিক কার্যক্রম ও গবেষণার মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে হবে। সৃজনশীল ও মননশীল কার্যক্রমের মাধ্যমে সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বক্তারা বলেন, শুধু সনদ অর্জন করলেই হবে না, বরং নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে এবং বাংলা, ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষাও শিখতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করে একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত

কিশোরগঞ্জের ভৈরবের জুনাইদ আহমেদ (২৩) নামে এক যুবক ইউরোপের দেশ ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৪ নভেম্বর দিবাগত রাতে ইতালির বারি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত জুনাইদ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজের স্বপ্ন পূরণের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ‘ডাঙ্কি’ পথে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি। সম্প্রতি ইতালিতে একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দেন কলেজ পড়ুয়া এই যুবক। তার পরিবারে তিন ভাই ও এক বোন রয়েছে। তার আরেক ভাই ইতালিতে এবং অন্যজন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে থাকেন।
জানা গেছে, কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসস্থানে ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুনাইদ মারা যান। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের মামাতো ভাই নিশান মিয়া বলেন, পরিবারের জন্য ভালো কিছু করার এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। ২৪ নভেম্বর রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। আমাদের চাওয়া দ্রুত সময়ের মধ্যে ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। যেন তাঁর বাবা-মা সন্তানকে শেষবারের মতো দেখতে পারেন। এ বিষয়ে আমরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের ওই যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসককে দেখতে হাসপাতালে গেলেন ডা. বিটু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসককে দেখতে হাসপাতালে গেলেন ডা. বিটু

গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামলার শিকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. অসীম কুমার ধরকে দেখতে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন।

বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি হাসপাতালে গিয়ে আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ডা. অসীম কুমারের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ডা. বিটু এ সময় বলেন, "দায়িত্ব পালনরত একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি আরও বলেন, চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন। রোগীর স্বজনদের প্রতি সহনশীল ও ধৈর্যশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহমর্মিতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ আরো সুন্দর ও নিরাপদ হবে।

তিনি আরও মন্তব্য করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি হাসপাতালে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপপরিচালক অধ্যাপক ডা. এস এম ই আল বাকের, সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার হোসেন, ডা. মো. ওয়াসিম, ডা. আমিনুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান, ডা. সামিউর রহমান শাহ, ডা. মো. তফিজুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।

গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন ডা. অসীম কুমার ধর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় রোগীর স্বজনেরা চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন। হামলার পর তিনি বুকে ব্যথা ও চাপ অনুভব করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%