০৭:৫৭ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার জন্য পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বেসরকারি খাতসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানান।
আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ঢাবি ভিসির
আইজিপি আরও বলেন, পুলিশ জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে দেশে বেকারত্ব বাড়ছে, কারণ প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না।
তিনি উল্লেখ করেন, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা অপ্রতুল। এই পরিস্থিতিতে পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ জন্য দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা জরুরি।
তাসকীন আহমেদ বলেন, চলমান অনাকাঙ্ক্ষিত শ্রমিক ও রাজনৈতিক অস্থিরতা এবং উৎপাদনমুখী শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির উন্নয়নে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: সাবেক আইজিপির আহ্বান, মানব পাচারকারী চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে হবে
তিনি দেশের মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনে হয়রানি প্রতিরোধে হটলাইন চালু, শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
এছাড়া আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
এ সময় ডিসিসিআইয়ের সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে আগামীকাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন