০৬:৩৬ পি.এম
ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর ধ্বংসকারী যুদ্ধজাহাজ ‘ইউএসএস বেনফোল্ড’ মাঝ সমুদ্রে ভয়াবহ যান্ত্রিক ত্রুটিতে পড়েছে। এটি টানা চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় প্রশান্ত মহাসাগরে ভেসে ছিল। এই ঘটনার ফলে জাহাজটিতে থাকা প্রায় ৩০০ সেনাসদস্য তীব্র দুর্ভোগে পড়েন, খাদ্য, বিশুদ্ধ পানি এবং সচল শৌচাগারের অভাবে।
সংবাদমাধ্যম এনবিসি নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে জাহাজটির শীতাতপ নিয়ন্ত্রণসহ জরুরি জীবন রক্ষাকারী পরিষেবাগুলো স্থবির হয়ে পড়ে। এর ফলে পেন্টাগনের সামরিক সক্ষমতা এবং সেনাসদস্যদের আবাসন ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা শুরু হলে, মার্কিন নৌবাহিনী এ ঘটনার সত্যতা স্বীকার করে আনুষ্ঠানিক বক্তব্য দেয়।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানান, ২৪ জুলাই প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহল দেওয়ার সময় ইউএসএস বেনফোল্ডের মূল জেনারেটরে বড় ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এই কারণে জাহাজটির অভ্যন্তরীণ বিদ্যুৎব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। জরুরি পরিস্থিতিতে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্গত অপর ক্রুজার ‘ইউএসএস রবার্ট স্মলস’ থেকে দুর্ঘটনাকবলিত ডেস্ট্রয়ারটিতে খাদ্য ও পানীয়সহ প্রয়োজনীয় সহায় সামগ্রী পাঠানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
পরে জাহাজটিকে টেনে ফিলিপাইনের সুবিক উপসাগরে নিয়ে যাওয়া হয়। চার দিনের দীর্ঘ দুর্ভোগ পর ২৮ জুলাই তা বন্দরে পৌঁছে, নাবিকদের সুরক্ষিতভাবে তীরে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের পর ৮ আগস্ট যুদ্ধজাহাজটি আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।
মাঝ সমুদ্রে এরকম একটি শক্তিশালী ডেস্ট্রয়ার অচল হয়ে পড়ার খবরটি প্রকাশ্যে আসে ঠিক তখন, যখন ২৫০ দিন ধরে সমুদ্রে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ভেতরে চরম খাদ্য সংকট ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর অভাবের কারণে নাবিকরা মানসিক বিপর্যস্ততার শিকার হচ্ছেন।
এদিকে, আব্রাহাম লিংকনের এই শোচনীয় অবস্থার তদন্তের জন্য মার্কিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো প্রধান বিমানবাহী রণতরির উপস্থিতি থাকছে না।
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন