১১:৪৮ পি.এম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক শিক্ষিকার ওপর হামলা চালিয়ে তাকে সড়কের পাশে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মী রাণী নাথ নামের ওই শিক্ষিকার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় চক্রটি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় শিক্ষিকাকে। পরে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের নিকটবর্তী সড়কের পাশে তাকে ফেলে রেখে যায় হামলাকারীরা।
ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন: কসবায় মহাসড়ক অবরোধের ঘটনায় ছাত্রলীগ নেতা আল রাফি গ্রেপ্তার
পুলিশ ও শিক্ষিকার সহকর্মীদের সূত্রে জানা যায়, পাঠদান শেষে লক্ষ্মী রানী বাড়ির দিকে রওনা হন। এসময় তিনি আফজাল রোড থেকে একটি সিএনজিতে ওঠেন। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির সামনে। কিন্তু সিএনজিচালক তাকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কের দিকে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইলফোন এবং নগদ টাকা লুট করে। এরপর তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মী রাণী নাথের সহকর্মী শিক্ষক আবুল হাসনাত জানান, ছিনতাইকারীরা লক্ষ্মীকে বেদম মারধর করেছে। তার দুটো চোখ ফুলে গেছে এবং চোখের পাতা কালো হয়ে রয়েছে। মুখে রক্তাক্ত জখম হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সিএনজিচালক ও ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন