০৬:৪২ পি.এম
ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ না থাকায় পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। রবিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরীক্ষা বয়কট করার পর শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে তারা ঢাকা কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে গিয়ে অবস্থান নেন। একপর্যায়ে শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল অধ্যক্ষের সঙ্গে দেখা করে প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ করার আনুষ্ঠানিক দাবি জানান। পাশাপাশি সোমবার (২২ জুন) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) বরাবর এই দাবিতে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম থাকার কথা থাকলেও প্রশাসন তা এড়িয়ে যাচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, আমাদের অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাতটি ক্যাম্পাস সংযুক্ত থাকবে। কিন্তু প্রশাসনের বর্তমান ভূমিকা দেখে আমরা আর এই অধ্যাদেশে বিশ্বাস রাখতে পারছি না। আজকের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে যদি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাস’ উল্লেখ থাকত, তাহলে শিক্ষার্থীরা সান্ত্বনা পেত।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
প্রশাসন শুধুমাত্র ঢাকা কলেজের নাম ব্যবহার করে একটি নীলনকশার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একই সেশনের আরেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সরকারি সাতটি কলেজ ক্যাম্পাস নিয়ে গঠিত এবং এই ক্যাম্পাসগুলোই এর মূল ভিত্তি। অথচ প্রশ্নপত্রের শিরোনামে শুধু ‘ঢাকা কলেজ’ লেখা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।
শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রশ্নপত্রে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ থাকতে হবে।’
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন