০৯:৩৯ পি.এম
মহানগরীর রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. রিহাদ হোসেনের হত্যা মামলায় ৪ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং অনাদায়ে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুস শাহাদাত এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজু শেখ ওরফে গাংগুয়া, শামীম ওরফে সবুজ মোড়ল, নুর আলম সিদ্দিক ওরফে কলিন্স ওরফে বাদশা এবং জয়ন্ত।
এছাড়া মামলার আরও দুটি ধারায় তাদের পৃথক মেয়াদে সাজা ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মামলার অপর আসামি আবুল কালাম আজাদকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহাগ তালুকদার, শামীম হোসেন ও শহিদুর রহমান ওরফে শাওনকে আদালত খালাস প্রদান করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৬ ডিসেম্বর সন্ধ্যায় বাবার ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিহাদ হোসেন। পরে কয়েকজন যাত্রী তার ইজিবাইক ভাড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
আরও পড়ুন: জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকিতে কাঠালিয়া প্রধান ডাকঘরের কার্যক্রম
রিহাদ নিখোঁজ হওয়ার আগে ব্যবহৃত মোবাইল ফোন থেকে গ্যারেজ মালিককে জানিয়েছিলেন, ফিরতে দেরি হবে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে আড়ংঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে ৯ ডিসেম্বর বিকেলে ডুমুরিয়া উপজেলার পঞ্চু খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক কিশোরের মরদেহ সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি রিহাদের বলে শনাক্ত করেন।
তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের চাচা শেখ জাহাঙ্গীর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি আদালতে বিচারের জন্য উপস্থাপন করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: পরিত্যক্ত ভবনে কিশোরদের আড্ডা ও মাদকের আস্তানা: কাঠালিয়ায় বাড়ছে অপরাধের আতঙ্ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন