০৯:১১ পি.এম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যানবাহন নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা।
এ ঘটনায় ১২ সেনাসদস্যসহ মোট ১৫ জন নিহত হন।
আফগানিস্তান সীমান্তসংলগ্ন দেশটির ট্যাংক জেলায় এই হামলা হয়। হামলার পর পরই পাল্টা অভিযান চালিয়ে ১২ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে অভিযান চালানো হয়।
জঙ্গিরা প্রথমে নিরাপত্তা চৌকিতে প্রবেশের চেষ্টা করে। তবে ব্যর্থ হলে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চৌকির বাইরের দেয়ালে আঘাত করে বিস্ফোরণ ঘটায়।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি জানিয়েছে, অভিযানে ৪ জন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল।
২০০৭ সাল থেকে টিটিপি পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। সংগঠনটির লক্ষ্য হচ্ছে দেশটির বর্তমান সরকারকে উৎখাত করে তাদের কট্টরপন্থী ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি সদস্যরা আফগানিস্তানের ভেতরে নিরাপদ আশ্রয়ে থেকে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ নেয়। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের জঙ্গিবাদ হচ্ছে তাদের অভ্যন্তরীণ সমস্যা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন