০২:৪৭ পি.এম
বরিশালে সন্ত্রাসবিরোধী আইনে ২৪৮ জনকে আসামি করে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলাটি করেছেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারযুক আব্দুল্লাহ। তবে মামলা দায়েরের পরই সংগঠনের মহানগর শাখা আনুষ্ঠানিকভাবে এর দায়ভার অস্বীকার করেছে।
জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি সংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত বা অনুমোদনের ভিত্তিতে করা হয়নি। এটি সম্পূর্ণভাবে মারযুক আব্দুল্লাহর ব্যক্তিগত উদ্যোগ ও সিদ্ধান্ত। ফলে এ মামলার সঙ্গে সংগঠনের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা বা দায় নেই।
আরও পড়ুন: খুলনায় আ. লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি গ্রেপ্তার
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্ট দিয়েছেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব জুনায়েদ হোসেন সাদ, হাসিবুল ইসলাম শান্ত এবং সংগঠক তৌহিদুল ইসলাম রোহান।
তাদের পোস্টে বলা হয়, “জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত বা অনুমোদনের ভিত্তিতে বাদী মারযুক আব্দুল্লাহ এই মামলা দায়ের করেননি। এটি সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সংগঠনের কোনো প্রকার সাংগঠনিক সংশ্লিষ্টতা বা দায় নেই।”
জানা গেছে, আলোচিত এ মামলায় মোট ২৪৮ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করেন মারযুক আব্দুল্লাহ।
এদিকে, সংগঠনের একাধিক নেতার প্রকাশ্য অবস্থানের পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মামলাটি এবং সংগঠনের দায় অস্বীকারের ঘোষণাকে ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, একজন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন