১২:৪৫ পি.এম
হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসাটির বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করার পর পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। তাদের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করেও আরেকটি পেট্রলবোমা ছোড়া হয়, যার ফলে মিটারটি পুড়ে যায়।
আরও পড়ুন: মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের দিকে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কাজ চলছিল। ওই মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী যে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন