১২:৩৩ পি.এম
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরির মাস্টারকে আটক করার প্রতিবাদে চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা থেকে পূর্ব ঘোষণা ছাড়াই এই ধর্মঘট শুরু হয়। এর ফলে নৌরুটের দুই পাড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ প্রায় ৩০০ যানবাহন আটকা পড়েছে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয় এবং আরও চার শিশু আহত হন।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বালুভর্তি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এই সময় তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে আঘাত লাগে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আহত হয় আরও চার শিশু।
আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া
দুর্ঘটনার পর নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে এবং এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির মাস্টারকে আটক করা হয়। মাস্টারকে আটকের প্রতিবাদে ফেরির চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ধর্মঘটের ডাক দেন। শনিবার ভোর থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখেন।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, "ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার ভোর ৪টা থেকে কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন