০৭:৪৯ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘আর্কিওলজি ফেস্ট-২৬’ শুরু হয়েছে। এই উৎসবটি রোববার (২২ নভেম্বর) শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত, যেখানে দুর্লভ ঐতিহাসিক মেডেল ও ঐতিহ্যবিষয়ক প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন রয়েছে। এটি ‘আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি’র উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
উৎসবে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা, গ্র্যান্ড র্যালি, হেরিটেজ এক্সিবিশন ও মেডেল কালেকশন এক্সিবিশন, নবীনবরণ, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
রোববার ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের সূচনা হয়। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র্যালি। একই দিন শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে দুই দিনব্যাপী ‘হেরিটেজ এক্সিবিশন ও মেডেল কালেকশন এক্সিবিশন’। এছাড়া ২৫ নভেম্বর নবীনবরণ ও পুরস্কার বিতরণী এবং ২৬ নভেম্বর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।
আরও পড়ুন: জাবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
এবারের উৎসবে প্রথমবারের মতো ‘বাংলাদেশ মেডেল অ্যাসোসিয়েশন’ অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে ব্রিটিশ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির দুর্লভ মেডেল প্রদর্শিত হবে।
প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘সেমিস্টার পদ্ধতির ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা শুধু র্যালি বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে সব সময় ইতিহাস ও ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করি। এবার আমাদের প্রদর্শনীতে বাংলাদেশ মেডেল অ্যাসোসিয়েশন যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ব্রিটিশ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের দুর্লভ স্মারক দেখার সুযোগ পাবে।’
প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র উপদেষ্টা মোতাসিম বিল্লাহ বলেন, ‘প্রত্নতত্ত্ব বিষয়ে মানুষের মাঝে থাকা অস্পষ্টতা দূর করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি কোটবাড়ী ও কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কমিউনিটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই সম্পৃক্ততা ইতিবাচক ভূমিকা রাখবে।’
আরও পড়ুন: সিকৃবি ও স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন