বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩১ পি.এম
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এআর হাফিজ উল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে, যা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
এআর হাফিজ উল্লাহ বলেন, "যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে এ দেশে জাতীয় ঐক্য সম্ভব, অন্যথায় সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা হবে না। আপনার দলে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করতে হবে। প্রশাসনের মাঝে ভারতীয় এজেন্টরা রয়েছে। তাদেরও চিহ্নিত করতে হবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। এ স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অধিকার রাখেন না। তাকে পদত্যাগ করতে হবে। এ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট। শিলংয়ে বসে বসে সেখানে ৭ বছর ধরে র' এর ট্রেনিং নিয়েছে। এ দেশে স্বরাষ্ট্র মন্ত্রী তাকে দিয়ে হবে না। আমরা চাই সরকার এ বিষয়গুলো ভালোভাবে দেখুক।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ এ দেশে গুম-খুন-সন্ত্রাসের নায়ক। এ দেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ফাঁসিতে ঝুলে আসতে হবে।"
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা আমির এআর হাফিজ উল্লাহ্, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী, মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ্ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের আমির ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ উপজেলা আমির এডভোকেট রেজাউল ইসলাম সুমন খান, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম জেলাপ্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে
মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে চাঁদপুর সদর উপজেলা। এই বিজয়ের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ফরিদগঞ্জের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় চাঁদপুর সদর। ফাইনাল ম্যাচটি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে চাঁদপুর সদর উপজেলা। প্রথমার্ধে ২০ নম্বর জার্সি পরিহিত ফরওয়ার্ড শাওন দলের জন্য দারুণভাবে এগিয়ে যান। পৃথক দুটি আক্রমণে পরপর দুটি গোল করে তিনি প্রথমার্ধেই দলকে ২-০ গোলের শক্তিশালী অবস্থানে নিয়ে যান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মতলব উত্তর উপজেলা। একের পর এক আক্রমণ সাজিয়ে তারা চাপ সৃষ্টি করতে থাকে। খেলার শেষ দিকে একটি চমৎকার আক্রমণ থেকে দৃষ্টিনন্দন গোল করে ব্যবধান কমান আলামিন। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।
রুদ্ধশ্বাস এই সেমিফাইনাল উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এদিন মাঠে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বীর মুক্তিযোদ্ধা ড. কাজি হাশেম, সানাউল্লাহ খান সহ আরও অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতৃবৃন্দ চাঁদপুর শহরের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ‘জুলাই ভাস্কর্য’ পরিদর্শন করেছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নেতৃবৃন্দ ভাস্কর্যটির বর্তমান অবস্থা ও পারিপার্শ্বিক পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।
পরিদর্শনকালে বক্তারা উল্লেখ করেন, "জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও স্লোগানসংবলিত এই ভাস্কর্যটিতে ২০ দিন আগে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।" তবে দুঃখজনকভাবে প্রশাসন এখন পর্যন্ত নাশকতাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়নি। এছাড়া, ভাস্কর্যটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন যে, ভাস্কর্যটি চরম অযত্ন ও অবহেলায় পড়ে আছে। এর প্রবেশপথের রাস্তার ইট উঠে যাচ্ছে, চারপাশ অপরিষ্কার-অপরিচ্ছন্ন হয়ে আছে এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা বা বাতি জ্বালানো হয় না। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান যে, অনতিবিলম্বে ভাস্কর্যটি সংস্কার করে এর পবিত্রতা ও পারিপার্শ্বিক পরিবেশ যথাযথভাবে সংরক্ষণ করা হোক।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা এনসিপির চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পৌর সদস্য সচিব প্রকৌশলী মশিউর রহমান খোকন এবং পৌর ১০ নম্বর ওয়ার্ড আহ্বায়ক জহির হোসেন। এছাড়াও যুব শক্তির আহ্বায়ক রাসেল মাহমুদ, সদস্য সচিব সাইফুর রহমান গাজি, সদস্য রিফাত আহমদ চৌধুরী, জুলাইয়ের নারী যোদ্ধা তানজিনা আক্তার, ছাত্র শক্তির কামরুল ইসলাম, সাদিদ রহমান, জিএম রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর জেলার ক্রমবর্ধমান আর্সেনিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন চাঁদপুরের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। তিনি জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালায় এ পরিস্থিতির কথা উল্লেখ করেন। আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং অধিকতর গবেষণার ওপর তিনি জোর দিয়েছেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়। কর্মশালাটির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণের উদ্বেগজনক পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি জানান, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ছয় বছরের ব্যবধানে চাঁদপুরে আর্সেনিক-আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখে পৌঁছেছে। বিশাল এই জনগোষ্ঠীর নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে প্রচলিত পদ্ধতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও গভীর গবেষণার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া রিসোর্স পার্সন হিসেবে ইউনিভার্সিটি অব টরন্টো এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা কর্মশালায় অংশগ্রহণ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করার উদ্দেশ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় আসন্ন তিনটি জাতীয় ও ঐতিহাসিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির সুষ্ঠু ও নির্বিঘ্ন বাস্তবায়ন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত এসব দিবসের তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। তিনি দিবসগুলোর সব কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ