ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৮১ গ্র্যাজুয়েটকে স্বীকৃতি দিল খুলনা বিশ্ববিদ্যালয়


বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৮১ গ্র্যাজুয়েটকে স্বীকৃতি দিল খুলনা বিশ্ববিদ্যালয়

বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ শিক্ষার্থীকে প্রথমবারের মতো Appreciation Letter (প্রশংসাপত্র) প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের Office of International Affairs (OIA)। এই স্বীকৃতি ‘KU Global Scholars Initiative’-এর আওতায় দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপের সুযোগ তৈরি করা।

বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই Appreciation Letter প্রদান করা হয়। প্রথমে সাতজন শিক্ষার্থীকে সরাসরি চিঠি দেওয়া হয় এবং পরবর্তীতে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়। মোট ৮৬ জন শিক্ষার্থী এ স্বীকৃতি লাভ করেছেন।

Office of International Affairs সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাঁদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যে ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়, যা পরে ৮১-তে পৌঁছায়।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫

সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কেউ শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন।

তাঁদের উচ্চশিক্ষার অর্থায়নে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। পাশাপাশি Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমে অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

উদ্যোগটির বিষয়ে Office of International Affairs-এর পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো আগে ছিল না। যদিও বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাঁদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানা গেছে, তবে সমন্বিতভাবে তাঁদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব গ্র্যাজুয়েট ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য মেন্টর হিসেবে কাজ করতে পারবেন। একই সঙ্গে তাঁদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক পার্টনারশিপ এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: সিলেটে ৭ হাজার কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ

আগে এ ধরনের উদ্যোগ নেওয়া না হওয়ার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে নিজেদের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাঁদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তাঁরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্‌যাপন এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি তাঁদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন Appreciation Letter পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: দর্শনায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের জন্য ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮, নতুন আক্রান্ত ১১০৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮, নতুন আক্রান্ত ১১০৯

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন।

আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০২ জন, এবং গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৪৭৬ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় সাতজনসহ গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনসহ এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে পুলিশ ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির হিসাবের খাতা সহ বাচ্চু মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া পুরাতন আখড়া বাজারের পশ্চিমে মগলেন নদীর দক্ষিণ পাড় থেকে তাকে আটক করে।

গ্রেফতার হওয়া বাচ্চু মিয়া গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের অণু মিয়ার ছেলে। চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় বাচ্চু মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির হিসাবের খাতা এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত বাচ্চু মিয়ার বিরুদ্ধে নাসিরনগর থানায় ৩টি সহ মোট ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যান্সি: আমাদের ডিভোর্স হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


ন্যান্সি: আমাদের ডিভোর্স হয়নি

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান যে, গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তিনি আলাদা হচ্ছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’

এই পোস্টটি প্রকাশিত হওয়ার পর শোবিজ অঙ্গনে গুঞ্জন শুরু হয় যে, ন্যান্সি বিচ্ছেদের পথে হাঁটছেন। এর কিছুক্ষণ পর দেখা যায়, ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলা হয়েছে এবং পরে ন্যান্সির ব্যক্তিগত অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। যখন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, তখন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক বেসরকারি গণমাধ্যমের কাছে ন্যান্সি বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, তাদের ডিভোর্স বা বিচ্ছেদ ঘটেনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী পোস্টটি সরিয়ে নেওয়া ও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে বলেন, ‘ফেসবুকের পোস্ট সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, তার অবশ্যই কারণ রয়েছে।’

তিনি আরও বলেন, আমি ফেসবুক পোস্টে ‘আমাদের আলাদা’ হওয়ার কথা বলেছি। সেটা যে কারণে হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে পোস্টটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।

অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে ন্যান্সি জানান, বিভ্রান্তি কমাতে পোস্ট মুছে ফেলার পরও তিনি দেখেন, কিছু মানুষ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলছেন। তাই বাধ্য হয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন এই গায়িকা।

বিচ্ছেদের গুঞ্জন নাকচ করে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দর্শনায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের জন্য ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


দর্শনায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের জন্য ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা, ২৬ নভেম্বর, ২০২৬ : দর্শনা শহরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন করার জন্য ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় নিত্য প্রয়োজনীয় পণ্য, গ্যাস, খাবার হোটেল, ওষুধ ও খাদ্য পণ্যের বাজার তদারকি করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দর্শনা পৌর এলাকার বিভিন্ন বাজারে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অভিযান চলছিল।

অভিযানের সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মো. শাহিন রেজা-এর প্রতিষ্ঠান মেসার্স রিয়াদ হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. সুমন ছাদেক-এর প্রতিষ্ঠান মেসার্স হ্যাপি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে মো. আজহারুল করিম-এর ফার্মেসি মেসার্স মীম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় মূল্য তালিকা হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয় এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এতে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও আনসার ব্যাটিলিয়ন সদস্যদের একটি টিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%