প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর জেলার ক্রমবর্ধমান আর্সেনিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন চাঁদপুরের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। তিনি জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালায় এ পরিস্থিতির কথা উল্লেখ করেন। আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং অধিকতর গবেষণার ওপর তিনি জোর দিয়েছেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়। কর্মশালাটির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণের উদ্বেগজনক পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি জানান, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ছয় বছরের ব্যবধানে চাঁদপুরে আর্সেনিক-আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখে পৌঁছেছে। বিশাল এই জনগোষ্ঠীর নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে প্রচলিত পদ্ধতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও গভীর গবেষণার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া রিসোর্স পার্সন হিসেবে ইউনিভার্সিটি অব টরন্টো এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা কর্মশালায় অংশগ্রহণ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন