০৭:২১ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রথম নারী সভাপতি সাবেক অ্যাথলেট পিটি ঊষা পুন:নির্বাচনের জন্য অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি মনোনয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের জালিয়াতির’ অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেন।
অ্যাথলেটিকসে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে এশিয়ান গেমসে একাধিক পদকজয়ী ঊষা মঙ্গলবার আইওএর শীর্ষ পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে প্রার্থিতা দাখিল করেননি।
ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায়। ৬২ বছর বয়সী ঊষা ২০২২ সালে আইওএর সভাপতি নির্বাচিত হয়ে সংস্থাটির প্রথম নারী প্রধান হওয়ার গৌরব অর্জন করেন।
আরও পড়ুন: আমিনুল হক: খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত করতে হবে
তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ফলে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় আইওএর নির্বাচনে নতুন করে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য রয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শুটার গগন নারাং, আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার মহাসচিব বীরেন্দ্র সাচদেব এবং আইওএর সাবেক মহাসচিব রাজীব মেহতা।
নির্বাচনের আগে থেকেই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় প্রথমে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বাদ পড়েছিলেন ঊষা।
পরে অন্য একটি জাতীয় ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে মনোনয়ন পাওয়ায় সাবেক এই স্প্রিন্টারকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি শিখল বাংলাদেশের ৪০ কিশোর ফুটবলার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন