০৬:৫৬ পি.এম
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি সংক্রান্ত বিরোধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এক নারীকে ধরতে পুলিশ গিয়েছিল। কিন্তু তাকে না পেয়ে তার স্বামীর হাতে হাতকড়া পরানোর পর ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এই ধস্তাধস্তিতে ওই নারীর স্বামী প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। নিহতের নাম মো. শহীদ (৬২), যিনি ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।
শহীদের স্ত্রী সাবেরা খাতুনের আইনজীবী দাবি করেছেন, ওই নারী জামিনে আছেন। রিকল থানায় পাঠানোর পরও পুলিশ তাকে হয়রানি করতে গেলে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: অষ্টগ্রামে বাবার জানাজায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত শাহিন, ফের কারাগারে
নিহতের ভাই আব্দুল খালেক জানিয়েছেন, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের কারণে আদালতে করা মামলায় তার ভাই শহীদের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ দুপুরে তাকে ধরতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য তাদের বাড়িতে আসেন। এ সময় তারা তার ভাবীকে না পেয়ে শহীদকে জোরপূর্বক হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
আব্দুল খালেক বলেন, এ সময় তিনি এসআই সাব্বিরকে তার ভাই নিরপরাধ জানিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এসআই তা উপেক্ষা করে ঘর থেকে ধস্তাধস্তি করে শহীদকে বের করে আনেন। উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে শহীদ হাতকড়ায় বন্দী অবস্থায় সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর পুলিশ হাতকড়া খুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলা না থাকা সত্ত্বেও শহীদকে আটকের চেষ্টা এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা সেখানে জড়ো হতে থাকেন। উত্তেজনা বাড়লে অভিযুক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, সীতাকুণ্ড থানার এসআই সাব্বিরসহ দুজন পুলিশ সদস্য শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় শহীদের ভাই আব্দুল খালেক বিনা অপরাধে তার ভাইকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানান।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক
ভিডিওতে আব্দুল খালেককে বলতে শোনা যায়, "আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই। আপনারা আমার ভাইকে কেন ধরছেন। আমার ভাই স্ট্রোকের রোগী। সে তিনবার স্ট্রোক করেছে। আমার ভাইয়ের কিছু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।"
ঘটনার পর সাবেরা খাতুনের আইনজীবী চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট এম.এন নবী বলেন, "আমি তার আইনজীবী। বিগত ১৫ নভেম্বর সাবেরা খাতুন আদালতে সারেন্ডার করে জামিন পেয়েছেন। তিনি রিকল থানায় জমা দিয়েছেন। জামিনপ্রাপ্ত অভিযুক্তকে পুলিশ কেন গ্রেপ্তার করতে যাবে?"
এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, "পুলিশ কোনো হাতকড়া পরায়নি। তিনি স্ট্রোকের রোগী ছিলেন। পুলিশ দেখে ভয় পেয়ে মারা গেছেন। তবুও ঘটনাটি খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: সিলেটের ব্যবসায়ীদের ভারতীয় বিজনেস ভিসা ৫ বছর মেয়াদি করার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন