শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৭ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাজধানীর পল্লবী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের পল্লবী থানা ইউনিটের সহসভাপতি রবিন আহমেদকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রবিন আহমেদকে গ্রেফতার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৪ সালের ২০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ১২২ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ওমর ফারুক রুমী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ঠিকাদার এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করে। রুমীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দরপত্র নিয়ন্ত্রণ, প্রাক্কলিত ব্যয় ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়া এবং প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের বিভিন্ন নথি ও অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, রুমীর প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। নথি অনুযায়ী, প্রকল্পের সাতটি দরপত্রের মধ্যে ছয়টিতে তিনি ঠিকাদার হিসেবে কাজ পেয়েছেন। প্রকল্পের প্রায় ৯০ শতাংশ দরপত্র তার নিয়ন্ত্রণে ছিল বলেও অভিযোগ উঠেছে। এমনকি দরপত্র আহ্বানের আগেই প্রাক্কলিত ব্যয় বা এস্টিমেটের তথ্য ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
এছাড়াও জানা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফের মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমে প্রবেশ করেন রুমী। পরে ছাত্রলীগের নেতা ইব্রাহিম-আকতার, শাহীন চেয়ারম্যান ও তৎকালীন প্রতিমন্ত্রী বিপুর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দরপত্র নিয়ন্ত্রণ করতেন তিনি।
৫ আগস্টের পর আওয়ামী লীগের পতন হলে কিছু ছাত্রনেতার মাধ্যমে নতুন করে বলয় তৈরি করেন রুমি। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, ট্রেজারার, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং এসব ছাত্র নেতাদের ঘিরে একটি দরপত্র সিন্ডিকেট সক্রিয় রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রকল্পের অর্থ উত্তোলন নিয়েও রুমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের মাটি ভরাটের কাজে প্রায় ৬৪ কোটি টাকার বিল উত্তোলনের পরিকল্পনা করা হয়েছিল। এর অংশ হিসেবে ২৬ এপ্রিল চারটি প্যাকেজের বিপরীতে ৮ কোটি ৭৯ লাখ টাকার বিল অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো হয়। প্যাকেজভিত্তিক বিলের পরিমাণ হিসেবে প্যাকেজ-১-এ ১ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ২৭৬ টাকা, প্যাকেজ-২-এ ১ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকা, প্যাকেজ-৪-এ ৪ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৯৬৫ টাকা এবং প্যাকেজ-৫-এ ৫০ লাখ ৬১ হাজার ১৬৬ টাকা ছিল। এ ছাড়া প্রকৌশল ভবন নির্মাণের জন্য ১১ কোটি টাকা, পুকুরের ঘাট নির্মাণ ও মাটি ভরাটের অন্যান্য কাজের বিপরীতেও বিল উত্তোলনের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে তার নাম আলোচনায় আসে। সে সময় পাঁচতলা প্রকৌশল ভবন নির্মাণের পাইলের অবশিষ্ট অংশ পুকুরের ঘাট নির্মাণে ব্যবহারের অভিযোগ ওঠে। এ ছাড়া রড ও সিমেন্টের কাজে একই উপকরণ ব্যবহার দেখিয়ে একাধিকবার বিল নেওয়া এবং নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। ৩ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৫১৪ টাকা ব্যয়ে পুকুরের ঘাট নির্মাণের কাজ পাওয়া আরএন এন্টারপ্রাইজের ঠিকাদার হিসেবে রুমীর নাম পাওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে সে সময় রুমী জানিয়েছিলেন, পাইলিংয়ের কাজে অনিয়মের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারারও বিষয়টি তদন্তের কথা জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন ওঠে। সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হলেও পরবর্তী সময়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব খাটিয়ে অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে রুমীর বিরুদ্ধে।
এদিকে সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সংঘটিত আন্দোলনেও রুমীর অর্থায়ন ও ইন্ধন থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত একটি উপকমিটির সদস্য হিসেবেও তার নাম রয়েছে। এমন একটি তালিকা এই প্রতিবেদকের হাতে এসেছে।
এছাড়া ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর তালিকায় তার নাম থাকার তথ্য পাওয়া গেছে। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন রুমী।
উত্তরা পশ্চিম থানার এজাহারের কপি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সকাল আনুমানিক ৬টা ৫৯ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি করা হয়। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০-এর বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারের ১২২ নম্বর ক্রমিকে ওমর ফারুক রুমীর নাম রয়েছে। সেখানে তার বয়স ৩৭ বছর, পিতার নাম মো. নুরুল ইসলাম এবং স্থায়ী ঠিকানা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজার এলাকার কসবা গ্রাম উল্লেখ করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় তার বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইসউদ্দিন বলেন, "আমি ভিসির দায়িত্ব নেওয়ার পর ঠিকাদার রুমির সঙ্গে আমার যে কথা হয়েছে, তা কেবল একজন ঠিকাদার হিসেবেই হয়েছে। তিনি ফ্যাসিস্ট কি না কিংবা তার বিরুদ্ধে যে তদন্ত চলছে, সেটি আইনি প্রক্রিয়ার বিষয়।"
তিনি আরও বলেন, "আমার সময়ে বিশ্ববিদ্যালয়ে তিনি কোনো কাজ করেননি। তার কাজ ছিল আওয়ামী লীগ আমলে, সাবেক উপাচার্য রেজাউল করিমের সময়। তার বিল পাসও হয়েছে সেই সময়েই।"
এই প্রশাসনের সময়ের বিল পাসের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, "বিল পাস হয়েছে, এটা ঠিক। তবে আমার সময়ে যেটুকু বিল পাস হয়েছে, সেটি ঠিকাদার হিসেবে তাকে চিনতাম বলেই হয়েছে। কিন্তু তিনি আওয়ামী লীগ আমল থেকে শুরু করে রেজাউল করিমের আমল পর্যন্ত কাজ করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাবার জানাজায় অংশগ্রহণের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান শাহিন। তিনি পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বাবার দ্বিতীয় জানাজায় অংশ নেওয়ার পর, প্যারোলের নির্ধারিত মেয়াদ ও শর্ত অনুযায়ী আবারও কারাগারে ফিরে গেছেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে শাহিনুর রহমান শাহিনের বাবা হাবিবুর রহমান (হাবিব সরকার) মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে শুক্রবার বিকেল ৪টায় ১২ ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় দীর্ঘ সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন শাহিনুর রহমান শাহিন।
প্যারোলের নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে শাহিনের এলাকায় পৌঁছানোর কথা থাকলেও এর আগেই বাবার প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে কড়া নিরাপত্তায় পুলিশের গাড়িতে করে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। এলাকায় পৌঁছানোর পর তাঁর হাতকড়া খুলে দেওয়া হয়।
গাড়ি থেকে নেমে বাবার মরদেহের কাছে যান শাহিন। এ সময় তাঁর এক বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপস্থিত হাজারো মানুষের সামনে এ দৃশ্য এক হৃদয়বিদারক ও শোকাবহ পরিবেশ সৃষ্টি করে।
পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মরহুম হাবিবুর রহমানের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় প্যারোলে মুক্তি পাওয়া শাহিনুর রহমান শাহিন অংশ নেন।
দ্বিতীয় জানাজা শেষে স্বজনদের সঙ্গে সংক্ষিপ্ত সময় কাটিয়ে, প্যারোলের নির্ধারিত মেয়াদ ও শর্ত অনুযায়ী তিনি আবার কিশোরগঞ্জ জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘বর্তমানে প্রচলিত গণতন্ত্র হলো সমাজের কেবল উচ্চশ্রেণির স্বল্পসংখ্যক লোকের গণতন্ত্র। এই গণতন্ত্রের সুবিধাও ভোগ করে মোট জনসংখ্যার বড়জোর ৫ শতাংশ লোক। বাকিরা এতে শোষিত, বঞ্চিত ও প্রতারিত।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি সৈয়দ হারুন–অর রশীদ এই মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করেছে দলটি।
তিনি উল্লেখ করেন, ১৯৮০ -এর দশক থেকে যুক্তরাষ্ট্র এই গণতন্ত্রকে লিবারেল ডেমোক্রেসি হিসেবে অভিহিত করে আসছে। পূর্বে এটি শুধুমাত্র ডেমোক্রেসি হিসেবে পরিচিত ছিল। ফলে গণতন্ত্রের রূপান্তর ঘটেছে নির্বাচনতন্ত্রে। শিক্ষা ও সংস্কৃতির ধারণাও পরিবর্তিত হয়েছে।
সৈয়দ হারুন–অর রশীদ আরও বলেন, আমরা এই গণতন্ত্রের পরিবর্তে শতভাগ মানুষের গণতন্ত্রের দাবি জানাচ্ছি। এই গণতন্ত্রের মাধ্যমে সরকার গঠন হবে রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে। শতভাগ মানুষের গণতন্ত্রকে আমরা জনগণের গণতন্ত্র বা ‘সর্বজনীন গণতন্ত্র’ বলেও অভিহিত করি। পৃথিবীর প্রায় সব দেশে সর্বজনীন গণতন্ত্রের ভিত্তিতে নতুন জাতি রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বব্যবস্থার ক্ষেত্রে আন্তর্জাতিক ফেডারেল বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা জরুরি। এই বিশ্ব সরকার হবে সকল জাতি রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বতন একটি সরকার।
তিনি আরও বলেন, বিশ্ব সরকারের দায়িত্ব হবে জাতিরাষ্ট্রগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ মীমাংসা করা এবং পর্যায়ক্রমে যুদ্ধের আশঙ্কা দূর করা। আলোচনার মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সমস্যার সমাধান করা হবে। রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠিত করতে হবে যাতে কোনো রাষ্ট্রেরই সেনাবাহিনী না থাকে এবং কেবল বিশ্বসরকারের কাছে একটি সেনাবাহিনী থাকবে। রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে সভ্যতা, সংস্কৃতি, সর্বজনীন কল্যাণ ও প্রগতির নীতি অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন–অর–রশীদ। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, সমাজতান্ত্রিক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, সোনার বাংলা পার্টির সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী, মুস্তাফিজুর রহমান মুক্তা, ন্যাশনাল পলিটিকাল ক্লাবের প্রেসিডেন্ট অধ্যক্ষ মিন্টু, শেরে বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষের মধ্যে কখনো দেখা যায় অতিরিক্ত উচ্ছ্বাস, আবার কখনো চরম বিষণ্ণতা। এই বিপরীতমুখী মানসিক পরিবর্তনশীলতা আমাদের চারপাশে বিদ্যমান। কিছু মানুষ হয়তো এটি লক্ষ্য করেছেন, আবার অনেকেই বুঝতে পারেন না। চিকিৎসকদের মতে, এই অবস্থাকে ‘বাইপোলার ডিসঅর্ডার’ বলা হয়। এটি ডায়াবেটিসের মতো একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বাইপোলার শব্দটির অর্থ হচ্ছে দুই মেরু। এর এক প্রান্তে রয়েছে অতিরিক্ত উচ্ছ্বাস বা ‘ম্যানিয়া এপিসোড’। এই অবস্থায় রোগী অনেক বেশি কথা বলেন এবং অত্যন্ত আনন্দিত থাকেন। অন্য প্রান্তে রয়েছে গভীর বিষণ্ণতা বা ‘ডিপ্রেশন এপিসোড’, যেখানে রোগী হতাশায় ভোগেন। এমনকি কিছু ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত তরুণ বয়সে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। জিনগত বা বংশগত কারণ, মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা এবং মানসিক রোগের ভুল চিকিৎসার ফলে এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে গবেষণায় অংশগ্রহণকারী প্রতি হাজারে চারজন মানুষ এই বাইপোলার মুড ডিসঅর্ডারে ভুগছেন।
এ রোগের করণীয় সম্পর্কে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি কারো মধ্যে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তাহলে দেরি না করে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডায়াবেটিসের মতো নিয়মিত ওষুধ এবং পরিবারের সঠিক যত্নে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এছাড়া, যদি পরিবারের সদস্য বা পরিচিতদের মধ্যে এমন লক্ষণ দেখা যায়, তাহলে তাদের সঙ্গে তর্কে না জড়িয়ে কিংবা জোরাজুরি না করে, ধৈর্য ধরে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিলে সুস্থ থাকা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ