ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ অনিল কাপুর


প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ অনিল কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সঙ্গে প্যারিসে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং স্থাপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রতি, অভিনেতা ইনস্টাগ্রামে এই সাক্ষাতের কিছু ছবি শেয়ার করেছেন।

অনিল কাপুর তার ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেছেন যে, ভারতে প্রথমবার ম্যাঁখোর সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিনের কথোপকথন এতটাই সহজ ও আন্তরিক ছিল যে মনে হয়েছিল, তারা অনেকদিনের পরিচিত। প্যারিসে পুনরায় সাক্ষাৎ হওয়ার পরও তিনি সেই উষ্ণতা অনুভব করেন।

কাপুর আরও জানিয়েছেন যে, ম্যাঁখোর অফিসে তারা নেপোলিয়নের সময়ের কিছু শিল্পকর্ম দেখার সুযোগ পেয়েছেন। ইতিহাসের শিক্ষা থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাওয়া উচিত, এই বিষয়েও তাদের আলোচনা হয়েছে।

আরও পড়ুন: মৌসুমী হামিদের ঘরে নতুন অতিথি, পুত্র সন্তানের নাম ‘ওহী বিন ওয়াদুদ’

ফরাসি প্রেসিডেন্টকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য অনিল কাপুর ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাদের বন্ধুত্বের কথা উল্লেখ করে ভবিষ্যতে ভারতে ম্যাঁখোকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন।

অনিল কাপুরের এই পোস্টে ভক্ত ও অনুসারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘অভিজাত্যের মিলন, নিখুঁত সৌন্দর্য।’ অন্য একজন তাকে বিশ্বের অন্যতম প্রিয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ, অনিল কাপুরকে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ ছবিতে দেখা গেছে।

আরও পড়ুন: মৌসুমী হামিদ মা হওয়ার তারিখ লুকিয়ে রাখার কারণ জানালেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ এম


শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

শেরপুর, ২১ নভেম্বর ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শেরপুর পৌরসভার উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি তিন মাসব্যাপী পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, বিদ্যুৎ প্রকৌশলী মো. সোহরাব হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, শেরপুর পৌরসভার উদ্যোগে বাস্তবায়নাধীন এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এডিস মশার বংশবিস্তার রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

কর্মসূচির শেষে পৌরবাসীকে তাদের নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ এম


মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানের ভয়াবহতা থেকে বাঁচতে ৭ লাখের বেশি মানুষ পালিয়ে এসেছিলেন। তাদের অনেকের সামনে স্বজনদের হত্যার দৃশ্য, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং নারীদের যৌন সহিংসতার শিকার হতে দেখা গেছে। প্রাণ বাঁচাতে কেউ জঙ্গল, পাহাড় ও নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন; কেউ আবার পালানোর পথে পরিবারের সদস্যদের হারিয়েছেন।

সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রায় এক দশক পরও অনেক রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় দেওয়ার পর তাদের বেঁচে থাকার সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা নতুন করে আলোচনায় এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে রোহিঙ্গা বেঁচে ফেরা কয়েকজনের অভিজ্ঞতা তুলে ধরেছেন সাংবাদিক কায়মিল আহমেদ। তাদের বর্ণনায় উঠে এসেছে, কীভাবে পাশের গ্রাম থেকে ওঠা ধোঁয়া হয়ে উঠেছিল আসন্ন হত্যাযজ্ঞের সংকেত, কীভাবে রক্তে লাল হয়ে যাওয়া নদী পেরিয়ে তারা আশ্রয়ের খোঁজে বাংলাদেশে এসেছিলেন।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের কাছে পাশের গ্রাম থেকে ওঠা ধোঁয়া ছিল বিপদের সংকেত। দূর থেকে ধোঁয়া দেখা গেলে তারা বুঝতে পারতেন, পাশের গ্রামে হামলা হয়েছে, এবার তাদের গ্রামেও হামলা হতে পারে। কোথাও নদীতে ভেসে আসত লাশ। সেগুলো উদ্ধার করে দ্রুত দাফনের ব্যবস্থা করার পরই প্রাণ বাঁচাতে পালিয়ে যেতেন মানুষ।

মিয়ানমার থেকে পালানোর সময় তাদের পাড়ি দিতে হয়েছে ঘন জঙ্গল, পাহাড় ও নদী। এর মধ্যে বর্ষার প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে। প্রাণ বাঁচানোর এই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতাও রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ হিসেবে আইসিজে বিবেচনা করেছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা কেবল জাতিগত নিধনের শিকার হননি; পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ও তাদের হত্যা করা হয়েছে। এর মাধ্যমে মিয়ানমারের উদ্দেশ্য ছিল একটি জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ধ্বংস করা।

২০১৭ সালের সেই অভিযানে সংগঠিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষ বাংলাদেশে আশ্রয় নেন। তাদের অনেকেই এসেছিলেন রাখাইনের তুলা তোলি ও আশপাশের এলাকা থেকে। তুলা তোলিতে হাজার হাজার মানুষকে একত্র করে হত্যা এবং গণকবরে পুঁতে ফেলার ঘটনা ঘটেছিল। অন্য অনেক গ্রামে পুরুষদের ধরে নিয়ে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

অনেক রোহিঙ্গা নিজ গ্রামের হামলা থেকে পালিয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েও স্বজনদের হত্যার দৃশ্য দেখেছেন। শেষ পর্যন্ত তাদের অনেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসেন। তাদের সংখ্যা দাঁড়ায় সাত লাখের বেশি।

তুলা তোলি গ্রামের দুই বোন মমতাজ বেগম ও দিলদার বেগমের অভিজ্ঞতা ছিল প্রায় একই রকম। মমতাজ যখন নিজের ওপর নেমে আসা নির্যাতনের কথা বলছিলেন, তখন পাশে বসে ছিলেন দিলদার। মমতাজের স্বামী ও সন্তানদের হত্যা করার পর তার একমাত্র জীবিত সন্তানের সামনেই তাকে ধর্ষণ করে মিয়ানমারের সেনারা।

দিলদার নীরবে বোনের কথা শুনছিলেন। কারণ, তিনি নিজেও একই গ্রামের বাসিন্দা হিসেবে একই ধরনের সহিংসতার শিকার হয়েছিলেন। দুই বোনই কয়েক মাস ধরে একে অপরকে মৃত বলে মনে করেছিলেন। পরে জানতে পারেন, দুজনই প্রাণে বেঁচে বাংলাদেশে পৌঁছেছেন, তবে আশ্রয় নিয়েছেন শিবিরের ভিন্ন ভিন্ন অংশে।

দুই বোনেরই কেবল একজন করে মেয়ে সন্তান বেঁচে ছিল। তাদের দুজনের মাথার পেছনেও ছিল প্রায় একই ধরনের ক্ষতচিহ্ন।

আনোয়ারা বেগমের জীবনে শরণার্থী হওয়ার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে দুবার তাকে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছিল। প্রথমবার ১৯৭৮ সালে, যখন তিনি শিশু। এরপর ১৯৯০-এর দশকের শুরুর দিকে তরুণী মা হিসেবে আবার বাংলাদেশে আসেন। সেবার বর্ষাকালে দুর্বল তাঁবুতে থাকার সময় শ্বাসতন্ত্রের রোগে তাঁর এক ছেলের মৃত্যু হয়।

পরে তাকে আবার মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়। কিন্তু যে নিপীড়ন থেকে পালিয়ে এসেছিলেন, তা বন্ধ হয়নি। এরপর নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন, আর কখনো শরণার্থী হবেন না।

কিন্তু ২০১৭ সালে তুলা তোলি থেকে ভেসে আসা লাশে গ্রামের পাশের নদী ভরে যেতে দেখে সেই প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য হন তিনি। তার স্বামী নদী থেকে যতটা সম্ভব মরদেহ তুলে দাফনের ব্যবস্থা করেন। এরপর তারা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদের দিকে রওনা হন।

নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢোকার জন্য আনোয়ারাকে নিজের সব সোনা একজন বাংলাদেশি নৌকার মাঝির হাতে তুলে দিতে হয়েছিল। ওই সোনার মূল্য ছিল প্রায় ২০০ মার্কিন ডলার।

চারবার শরণার্থী হয়েছেন নুর আলম

মিয়ানমারের সেনাবাহিনীর হামলা থেকে বয়স্করাও রেহাই পাননি। প্রাণ বাঁচাতে পালানোর সময় বৃদ্ধ নুর আলমকে তার সন্তানদের কাঁধে করে বাংলাদেশে আনতে হয়েছিল। তার ১০ বছর বয়সী নাতি মামুন পুরো যাত্রায় তার হাত ধরে ছিল। শরণার্থীশিবিরে পৌঁছানোর পরও তারা একে অপরকে আঁকড়ে ছিল।

নুর আলমের জীবনে বাংলাদেশে শরণার্থী হওয়ার ঘটনা এ নিয়ে চতুর্থবার। ১৯৫০-এর দশকে মিয়ানমারের সামরিক অভিযানের সময় প্রথমবার তাকে দেশ ছাড়তে হয়েছিল। তখন মিয়ানমার বার্মা নামে পরিচিত ছিল এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি।

২০১৭ সালে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অধিকাংশই প্রায় এক দশক পরও শরণার্থীশিবিরে রয়েছেন। তাদের সঙ্গে সেখানে রয়েছেন ১৯৯০-এর দশকের শুরুতে মিয়ানমারের সামরিক অভিযান ও দীর্ঘদিনের নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাও।

কক্সবাজারের শিবিরগুলোতে এখনো বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করতে হচ্ছে তাদের। শিবিরের বাইরে যাওয়ার, কাজ করার কিংবা শিক্ষার সুযোগও তাদের সীমিত। দীর্ঘদিন ধরে এমন অনিশ্চিত জীবন কাটাতে হচ্ছে লাখো রোহিঙ্গাকে।

এ বছর শরণার্থীশিবির থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে সমুদ্রে শত শত রোহিঙ্গার মৃত্যুর খবরও পাওয়া গেছে। একই সময়ে মালয়েশিয়া ও ভারতসহ কয়েকটি দেশ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছে। ফলে আইসিজের সাম্প্রতিক রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রোহিঙ্গা অধিকারকর্মীরা। তাদের আশা, এ রায়ের ফলে জোরপূর্বক প্রত্যাবাসনের উদ্যোগ বন্ধ হবে এবং নিজ দেশে নিরাপদে ফেরার পথ তৈরি হবে।

তবে গণহত্যার রায় সত্ত্বেও রোহিঙ্গাদের দুর্দশার অবসান এখনো হয়নি। তাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন অধিকারকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ এম


কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জন আটক

কুমিল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের জন্য জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬৪ সদস্যসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে। এই অভিযানটি ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, ৮১ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়। অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%