০১:০৯ এম
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় পূর্বশত্রুতার কারণে মোস্তফা (২২) নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোস্তফাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে নাগদারপাড় এলাকার একটি পেট্রোল পাম্পের বিপরীত পাশে অবস্থিত ওয়ার্কশপের ভেতরে মোস্তফাকে মারধর করে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি বাড়ছে
নিহতের বড় বোন জুলেখার অভিযোগ, শনিবার রাত ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাঁকে ডেকে নাগদারপাড়ের ওই ওয়ার্কশপে নিয়ে যান। পরে সেখানে হোসেন, তাঁর সহযোগী ইউনুস, খানসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করেন। একপর্যায়ে মোস্তফার মৃত্যু ঘটে। পরে পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
জুলেখা আরও অভিযোগ করেন, প্রায় পাঁচ-ছয় বছর আগে তাঁদের পরিবারের সঙ্গে হোসেনের বিরোধ সৃষ্টি হয়। সেই সময় হোসেন তাঁর লোকজন নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের মারধর করেন এবং তাঁদের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে সেই মামলা চলমান রয়েছে এবং তাঁরা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন।
বিরোধের কারণ সম্পর্কে তিনি বলেন, মাছ চাষের জন্য তাঁরা একটি ডোবা কিনেছিলেন। কিন্তু হোসেন তাঁদের ওই ডোবা থেকে মাছ ধরতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং পরে মামলা হয়।
নিহতের বোনের দাবি, তাঁর ভাই সহজ-সরল প্রকৃতির ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হোসেন ও তাঁর সহযোগীরা হত্যা করেছেন। এ ছাড়া তাঁদের পরিবারের সঙ্গে আর কারও শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: ঢাকায় পুলিশের অভিযানে আটক ২৯৯
জুলেখা জানান, এ ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত মোস্তফা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর বাবার নাম নেয়ামত আলী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন