১০:৪১ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। এই অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সংসদ চত্বরকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হবে, তবে সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) এ অধিবেশন অনুষ্ঠিত হবে না। স্পিকারকে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে।
চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য ১টি সরকারি বিল পাওয়া গেছে। তৃতীয় অধিবেশনের পর জারি হওয়া ৩টি অধ্যাদেশ— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬ অধিবেশনের প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। মনোযোগ আকর্ষণের নোটিশ (বিধি-৭১) ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ (বিধি-১৩১) ২৮১টি পাওয়া গেছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।
আরও পড়ুন: বঞ্চিত ঠিকাদারদের সুযোগ দিতে আইন সংশোধন, বিরোধীদের স্বজনপ্রীতির শঙ্কা
এ সময় প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এটি দিয়ে অধিবেশন চলাকালীন প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের (ব্যাটারি স্টোরেজ) সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দেন।
বৈঠকে জানানো হয়, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় সংসদের নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হবে। ই-পার্লামেন্ট এবং জাতীয় সংসদে শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতিও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৯ দিনে ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন