১১:৪১ পি.এম
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপার কাজ ১০ দিন ধরে বন্ধ রয়েছে কারিগরি ও আর্থিক জটিলতার কারণে। প্রিন্টিং মেশিনের সফটওয়্যার সমস্যা, দীর্ঘদিনের বকেয়া বিল এবং দক্ষ জনবলের সংকটের কারণে গত ৫ নভেম্বর থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে কার্ড ছাপানোর কার্যক্রম।
দেশে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটারের মধ্যে এখনো সাড়ে ৫ কোটি মানুষের স্মার্ট এনআইডি ছাপানো হয়নি। ফলে বিপুলসংখ্যক ভোটার দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করছেন। তবে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের সেবা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ৫ নভেম্বরের আগে নির্বাচন কমিশন (ইসি) স্মার্ট এনআইডি ছাপানোর কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চালিয়ে আসছিল। ২০২৪ সালের ১ জুন থেকে কোনো চুক্তি ছাড়াই কার্ড ছাপানো হচ্ছিল। সাধারণ মানুষের জন্য বিপুলসংখ্যক কার্ড ছাপানো হচ্ছিল না, বরং বিশেষ ব্যক্তিদের অনুরোধে কার্ড প্রিন্ট করা হতো। বর্তমানে সেই কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত জানাল নতুন কোনো তথ্য নেই
এই পরিস্থিতি মোকাবেলা করতে আজ অনুষ্ঠিত হতে যাওয়া কমিশনের ১৪তম সভায় বিষয়টি উত্থাপন করা হবে। সভায় স্মার্ট এনআইডি কার্ড পার্সোনালাইজেশন-সংক্রান্ত বিষয় ছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ এবং কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে ভোট হবে, তা নির্ধারণের আলোচনা হবে।
নভেম্বরের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার নির্বাচন ও এনআইডি কার্ড পার্সোনালাইজেশন-সংক্রান্ত দুটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ যুগান্তরকে বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানোর বিষয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। এসব বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা হবে।
আরও পড়ুন: ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী
তিনি আরও জানান, কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পুনরায় স্মার্ট কার্ড ছাপানোর কাজ শুরু হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপে এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। এ ক্ষেত্রে প্রতিটি জেলার সদর উপজেলার ইউনিয়নগুলোকে তালিকায় রাখা হতে পারে।
এগারো বছরে ছাপা ৮ কোটি ৭৫ লাখ কার্ড
স্মার্ট এনআইডি ছাপানোর বিষয়ে জানা গেছে, দেশে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটার রয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটারের স্মার্ট এনআইডি পাওয়ার কথা। এজন্য বিপুল ব্যয়ে পরপর দুটি প্রকল্পও বাস্তবায়ন করছে ইসি।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ বছরে ৮ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার স্মার্ট এনআইডি প্রিন্ট হয়েছে।
আরও পড়ুন: বালাইনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ৬৪০ কৃষককে সচেতন করল বাকৃবি
এর মধ্যে মাঠপর্যায়ে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৭১ হাজার। ১ কোটি ৩৯ লাখ কার্ড এখনো বিতরণ করা হয়নি। এ হিসাবে এখন পর্যন্ত সাড়ে ৫ কোটি মানুষের স্মার্ট কার্ড প্রিন্ট হয়নি। যদিও একই ব্যক্তির একাধিক কার্ড নেওয়ার ঘটনাও ঘটেছে।
বিএমটিএফের বকেয়া ৩৪ কোটি টাকা
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) দীর্ঘদিন ধরে স্মার্ট এনআইডি প্রিন্ট করে আসছে। একই সঙ্গে কার্ড প্রিন্টিং মেশিনের রক্ষণাবেক্ষণের কাজও করে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইসির কাছে প্রতিষ্ঠানটির বকেয়া ৩৪ কোটি ২৩ লাখ টাকা।
দীর্ঘদিন পাওনা টাকা না পাওয়া, সফটওয়্যার জটিলতা ও মেশিনে ত্রুটি থাকায় ছাপার কাজ বন্ধ হয়ে গেছে। এরপরই কমিশন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। প্রতিষ্ঠানটির পাওনা টাকা পরিশোধের বিষয়টি আজ অনুষ্ঠেয় কমিশন সভায় উঠবে। যদিও এ প্রতিষ্ঠানের মাধ্যমে কার্ড ছাপানোর বিষয়ে ৭৪ কোটি টাকার অডিট আপত্তি রয়েছে।
আরও পড়ুন: বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন
জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, ইসি ২ কোটি ৩৬ লাখ নতুন স্মার্ট কার্ড সংগ্রহ করেছে। এসব কার্ড প্রিন্ট করতে হলে মেশিন মেরামত করতে হবে। বর্তমানে ইসির ১০টি প্রিন্টিং মেশিনের মধ্যে ৯টি সচল করা সম্ভব হবে। একটি পুরোপুরি অচল। এজন্য সফটওয়্যার আপডেটসহ অন্যান্য প্রস্তুতিও নিতে হবে। এসব কাজ সম্পন্ন হলে ৯টি মেশিনে গড়ে প্রতি ঘণ্টায় ৪ হাজার ২০০টি কার্ড ছাপানো সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন