১২:২৮ এম
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ জিসান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও চার যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গহিরা-ফটিকছড়ি সড়কের পূর্ব মাইজভান্ডার আমতলী এলাকায় সংঘটিত হয় এই দুর্ঘটনা।
নিহত জিসান উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির আলী আকবরের ছেলে। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জিসান এবং তার বন্ধু বারেক গোপালঘাটা এলাকা থেকে মোটরসাইকেলে আজিমনগরের দিকে যাচ্ছিলেন। আমতলী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন