০১:৪৫ এম
দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি মোশাররফ হোসেন ওরফে মোস্তফা (২৪) কে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
মোশাররফ হোসেন (২৪) দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বছির উদ্দিনের ছেলে। তিনি হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানিয়েছেন ওসি মো. বাদশা আলম।
আরও পড়ুন: মির্জাপুরে ইমন হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা যুবরাজ গ্রেপ্তার
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় নিয়মিত মাদক ও পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত বছর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রুজু হওয়া একটি মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছিল।
গ্রেপ্তারের পর আসামি স্বাভাবিক আচরণ করছিলেন। তবে থানার গেটের ভেতরে নিয়ে আসার পর তিনি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান। পুলিশ তাৎক্ষণিকভাবে তার পেছনে ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে ঝোপঝাড়ের ভেতর দিয়ে তিনি পালিয়ে যান।
শুক্রবার সকালে পুলিশ আসামির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন এবং মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে আধুনিক তথ্যপ্রযুক্তি, স্থানীয় সোর্স এবং আত্মীয়স্বজনের মোবাইল নম্বরের সূত্র ধরে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানতে পারে, তিনি হাকিমপুর থানা এলাকা ছেড়ে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় পালিয়ে গেছেন।
এরপর হাকিমপুর থানা পুলিশের একটি দল পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: বিয়েবাড়ির খাবার খেয়ে পল্লি চিকিৎসক ফখরুল আলমের মৃত্যু, বর-কনেসহ অর্ধশতাধিক হাসপাতালে
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম জানান, গ্রেপ্তার আসামিকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন