০৮:২৩ পি.এম
ইমেইলে বোমা হামলার ভুয়া হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও একই ধরনের হুমকি পাওয়ার খবর জানিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত কোনো হামলার আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সরকারের মন্ত্রীদের একটি বৈঠকও ডাকা হয়েছে।
ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বুধবার এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
আরও পড়ুন: সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে
এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে।
ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা লা সেভেন টেলিভিশন চ্যানেলকে বলেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বোমা হামলার হুমকির শিকার হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি বলেন, ‘স্পষ্টতই এর পেছনে একটি কৌশল কাজ করছে। কারা এর পেছনে থাকতে পারে, তা এখনই বলা কঠিন। গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই তাদের শনাক্ত করতে কাজ করছে।’
তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইমেইলের বিষয়বস্তু থেকেই স্পষ্ট, বাস্তব কোনো ঝুঁকির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। সম্ভবত এটি প্রকৃত হামলার হুমকি নয়, বরং সাইবার হামলা।’
আরও পড়ুন: ছাত্রদল পরিচয়ে গোপালগঞ্জে বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য
উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডেও ভুয়া হুমকি
এদিকে বুধবার স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানেও হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির মিল রয়েছে। উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) তখন সেটিকে প্রতারণামূলক বলে ঘোষণা করেছিল।’
স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো বার্তাগুলো বিশ্বাসযোগ্য হুমকি নয় এবং সেগুলোকে ভুয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তাগুলোর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ কাজ করছে। এ ক্ষেত্রে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
আরও পড়ুন: ইডেনে শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক
এর আগে গত ১৯ অক্টোবর স্কটল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একই ধরনের গণহারে বোমা হামলার ভুয়া ইমেইল পাঠানো হয়েছিল।
চলতি মাসে ইউরোপজুড়ে একের পর এক বোমা হামলার হুমকির ঘটনায় বিভিন্ন ফ্লাইটের গতিপথ পরিবর্তন, উড্ডয়ন বন্ধ এবং যুদ্ধবিমান দিয়ে উড়োজাহাজ পাহারা দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ছাড়া ইউরোপের কয়েকটি শহরের সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনাও ঘটেছে। হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা পরিবর্তন করে খাবার নষ্ট করার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেয় হ্যাকাররা।
আরও পড়ুন: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: রণধীর জয়সোয়াল
গত অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে চালানো একই ধরনের সাইবার হামলার সঙ্গে এসব হামলার মিল রয়েছে। ওই হামলায় দেশটির বহু সুপারমার্কেটের কার্যক্রম ব্যাহত হয় এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়। সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন