০৬:০৫ এম
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে দুর্বৃত্তদের দ্বারা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুঁইয়া পরিবহনের বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মঞ্জিল পরিবহনের বাসে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ
এছাড়া, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গড়পাড়া কাটাঙ্গা এলাকার আবু মোহাম্মদ জাফর নামের এক ব্যক্তি গাড়িটির মালিক। ভুঁইয়া পরিবহনের বাসটি রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রোডে চলাচল করত। গাড়ির মালিক অসুস্থ থাকায় গত তিন-চার দিন আগে গাড়িটি ঢাকা থেকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় এনে পার্কিং করা হয়েছে। শুক্রবার বাসের মালিক জাফর চিকিৎসার জন্য ঢাকা গিয়েছেন। বাসে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওসি মো. মনির হোসেন বলেন, পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কুমারখালীর চর: ৫০ বছরের স্মৃতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন