১১:২০ পি.এম
ফরিদপুর একটি ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এখানে কোনো অবস্থাতেই সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া হবে না। আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব হচ্ছে, সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপনের নিশ্চয়তা প্রদান করা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে অনুষ্ঠিত অষ্টম বর্ষের শারদীয় আগমনী উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ উৎসবের আয়োজন করা হয় ‘শারদীয় সংঘ, ফরিদপুর’-এর উদ্যোগে। আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আশাবাদ ব্যক্ত করে বলেন, "সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হবে।" তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখতে প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে একসঙ্গে কাজ করা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকায় রোববার বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শারদীয় সংঘের আহ্বায়ক দীপঙ্কর দত্ত।
পবিত্র বেদমন্ত্র, চণ্ডীপাঠ ও গীতাপাঠের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, ফরিদপুর ইসকন মন্দিরের ব্যবস্থাপক শ্রীপাদ নকুলানন্দ কানাই দাস, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন শিথিল এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন লাভলু।
আলোচনা সভা শেষে এমপি চৌধুরী নায়াব ইউসুফ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে শারদীয় আগমনী উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যুবদলের সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বন্টন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন