ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রেলের দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড


রেলের দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড

রেলে নিয়োগ-পদোন্নতিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ দীর্ঘকাল ধরে বিদ্যমান। আওয়ামী লীগ সরকারের সময়ে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এই দুর্নীতির চক্রের নামকরণ করেছিলেন ‘কালো বিড়াল’। এর কয়েক দিনের মধ্যে নিয়োগের ঘুষ বাণিজ্যের ৭৫ লাখ টাকাসহ গ্রেপ্তার হন তার পিএস ওমর ফারুক তালুকদার। ওই অর্থ তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধার কাছ থেকে সংগ্রহ করে মন্ত্রীকে দিতে যাচ্ছিলেন। এই ঘটনায় সুরঞ্জিত সেন মন্ত্রিত্ব হারান এবং ইউসুফ আলী মৃধা চাকরিচ্যুত হন।

ঘটনার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ বিভিন্ন সংস্থা ইউসুফ আলী মৃধা এবং রেলের কালো বিড়াল সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এক পর্যায়ে নিয়োগ জালিয়াতিসহ একাধিক অভিযোগের প্রমাণ পেয়ে মামলাও দায়ের করে সংস্থাটি। নিয়োগ জালিয়াতির মামলাটি ১৩ বছর পর বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করে আদালত। রায়ে ইউসুফ মৃধাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় প্রদান করেন। একই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক প্রথম শ্রেণির কর্মকর্তা এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সরোয়ার হোসেনকে আদালত খালাস দিয়েছে।

আরও পড়ুন: গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন, দগ্ধ ২ জন চিকিৎসাধীন

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল ইসলাম জানান, মামলায় ২০ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে। রায়ের সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, পলাতক ইউসুফ মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৩৭ জন অংশ নেন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

অভিযোগ রয়েছে যে, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে না দিয়ে রেলওয়ের এসডব্লিউও গোলাম কিবরীয়া নিজেই একটি নতুন নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে পরিবর্তন করে প্রার্থীদের নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় চাকরিপ্রার্থী ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া সরোয়ার হোসেনের নম্বর ৩১.৫ থেকে বাড়িয়ে ৩৭.৫ করা হয়। এর ফলে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তা তৎকালীন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ মৃধা অনুমোদন করেন।

আরও পড়ুন: ফ্যাসিস্ট অনুসারীদের প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর

কালো বিড়ালের নেপথ্যে

২০১২ সালে রেলওয়ের দুর্নীতি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয় তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একটি বক্তব্যকে কেন্দ্র করে। রেলের দুর্নীতি দূর করতে ‘কালো বিড়াল’ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি। একই বছরের এপ্রিলে তার পিএস ওমর ফারুকের গাড়ি থেকে ৭৫ লাখ টাকা উদ্ধার হয়।

ওই ঘটনায় ওমর ফারুকের পাশাপাশি রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হকের নাম আলোচনায় আসে। এরপর থেকেই গণমাধ্যমে ইউসুফ মৃধা ‘রেলের কালো বিড়াল’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ওই ঘটনার পর তিনি চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক তদন্ত ও মামলা হয়।

আগেও সাজা

আরও পড়ুন: যবিপ্রবিতে জাল সনদে চাকরি: রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নিয়োগ পরীক্ষার নম্বর জালিয়াতির মামলাটি ইউসুফ মৃধার বিরুদ্ধে প্রথম সাজা নয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০১৬ সালের আগস্টে ঢাকার এক আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করে। এছাড়া রেলওয়েতে নিয়োগ ও দুর্নীতিসংক্রান্ত দুটি মামলায় ২০১৭ সালের এপ্রিলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত তাকেসহ তিনজনকে চার বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়। ওই সময়ে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

এমই

আরও পড়ুন: ছেলেকে নিয়ে সাইক্লিং মুডে অপু বিশ্বাসের নতুন ছবি প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%