০৯:৪২ পি.এম
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।
হিমেল নামের একজন অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধ হন, এছাড়া প্রাইভেটকারের চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়।
তিনি আরও জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ উদ্দেশ্যে একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।
মোস্তাফিজুর রহমান বলেন, গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। এরপর পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে।
তিনি জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ টাকা ছিল। দুর্বৃত্তরা বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন
তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলেও তিনি উল্লেখ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন