০৮:১৬ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : অবসরের ১১ বছর পর রোববার আবারও ফুটবল মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে খেলতে নামার আগে তিনি এই প্রত্যাবর্তনকে ‘সত্যিই অসাধারণ’ বলে অভিহিত করেছেন, যিনি ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী তারকা।
৪৬ বছর বয়সী রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ফ্লামিনেন্সের হয়ে খেলেছিলেন। এবার রাভেন্নার হয়ে স্থানীয় ডার্বিতে ফোরলির বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন তিনি।
শুক্রবার স্কাই স্পোর্টসকে রোনালদিনহো বলেন, “আমি দারুণ একটি দিন কাটাতে চাই। এই অসাধারণ গল্পের শুরুতে এখানে থাকতে পেরে আমি খুশি।
আরও পড়ুন: ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে হবে: ফুটবল ফেডারেশন প্রধান
“রাভেন্নার জন্য ক্লাব সভাপতি বড় কিছুর স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের অংশ হতে পেরে আমি আনন্দিত।”
রাভেন্নার সভাপতি ইগ্নাজিও সিপ্রিয়ানি জানিয়েছেন, ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো সিরি ‘আ’-তে উন্নীত হওয়াই তাঁর লক্ষ্য।
দলটির স্টাডিও ব্রুনো বেনেল্লির নিয়মিত দর্শক ধারণক্ষমতা পাঁচ হাজার। রোনালদিনহোর প্রত্যাবর্তন উপলক্ষে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ উপলক্ষে অস্থায়ীভাবে আরও ১ হাজার ৮০০ আসনের একটি গ্যালারি তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘আর১০’।
২০০৮ সালের পর থেকে সিরি ‘বি’-তেও খেলেনি রাভেন্না। বর্তমানে সিরি ‘সি’-এর নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে দলটি।
আরও পড়ুন: ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন না আর্সেন ওয়েঙ্গার
রোনালদিনহো বলেন, “দীর্ঘ সময় পর মাঠে ফিরতে পারা সত্যিই অসাধারণ। জীবনের একটি বিশেষ মুহূর্ত উপভোগ করতেই আমি এখানে এসেছি।
“খেলা ছেড়েছি বেশ কয়েক বছর হলো। আমি স্বপ্নে যা যা জিততে চেয়েছিলাম, সবই জিতেছি।
“এখন আমার বয়স ৪৬। ফুটবলে অভিজ্ঞতার প্রায় সবকিছুই আমার হয়েছে। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি সুযোগ। রাভেন্নায় কাজ করে আমার বন্ধুদের স্বপ্নের অংশ হতে চাই।”
ক্যারিয়ারের ২৯৯তম গোল করার এক দশকেরও বেশি সময় পর এবার নিজের ৩০০তম গোলের অপেক্ষায় থাকবেন সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা।
আরও পড়ুন: সেমিফাইনালে হারের পর গোলরক্ষক শ্রাবণ ক্ষমা চাইলেন
এর মধ্যে জাল পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে প্রবেশের চেষ্টার অভিযোগে দেশটির কারাগারেও সময় কাটিয়েছেন রোনালদিনহো। তবে কারাগারে আয়োজিত একটি ফুটসাল ম্যাচে খেলেও নজর কেড়েছিলেন তিনি।
রাভেন্নায় তাঁর যোগ দেওয়াকে মূলত প্রচারণামূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে এই উদ্যোগের মাধ্যমে সিরি ‘আ’-তে ওঠার স্বপ্নের পথে গতি আনতে চান ক্লাব সভাপতি সিপ্রিয়ানি।
তিনি বলেন, “দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো রাভেন্নাকে সিরি ‘আ’-তে উন্নীত করা।
আরও পড়ুন: ৩৯ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার অস্ট্রেলিয়ার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন