০৮:১৭ পি.এম
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক এবং পাকিস্তানসহ ১৮টি মুসলিমপ্রধান দেশ ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে। এই হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে এক চিকিৎসক এবং এক শিশু রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এক যৌথ বিবৃতিতে, দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেছেন যে, হাসপাতালটিতে ইসরাইলের হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তারা সতর্ক করেছেন যে, এই হামলার ফলে রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
বিবৃতিতে তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এসব হামলা গাজায় কার্যকর যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে অনুমতিপত্র বাধ্যতামূলক
পররাষ্ট্রমন্ত্রীরা আরও জানিয়েছেন যে, ইসরাইল গাজায় চিকিৎসাসামগ্রী এবং শীতকালীন আশ্রয় উপকরণসহ মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, পর্যাপ্ত আশ্রয়ের অভাব, পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যসেবার ক্রমাবনতিশীল পরিস্থিতি শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিশু ও নবজাতকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে।
বিবৃতিতে ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার, নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র এবং বোর্ড অব পিসের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
এমএমআর
আরও পড়ুন: ভারতে অস্ত্রের মুখে কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন