ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৩৯ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার অস্ট্রেলিয়ার


৩৯ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া ১৩৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড, অ্যাটকিনসনের ক্যারিয়ারসেরা বোলিং ও টম ব্যান্টনের অসাধারণ সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

ঘরের মাঠে পরে ব্যাট করার ফলে ৩৯ বছরের মধ্যে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়। এই জয়ের ফলে সফরকারী ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে।

আরও পড়ুন: ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম

রবিবার (১৫ নভেম্বর) অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ইংলিশ ওপেনার টম ব্যান্টন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। তার ৯৯ বলে ১২১ রানের ঝড়ো সেঞ্চুরির ওপর ভিত্তি করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল স্কোর গড়ে।

৩৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডার গাস অ্যাটকিনসনের গতি ও সুইংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে। নতুন বলে অ্যাটকিনসনের একের পর এক আঘাতে অস্ট্রেলিয়া মাত্র ২৯ রানে প্রথম ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

ক্যামেরন গ্রিন (৬৪) ও ম্যাট রেনশ (৬৩) অর্ধশতক করে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ৪৪.৩ ওভারে ২২০ রানে শেষ হয়।

ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ১০ ওভারে মাত্র ২৮ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

আরও পড়ুন: হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

ঝোড়ো সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন ইংলিশ ওপেনার টম ব্যান্টন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন ‘মাইক্রো ড্রামা’য় মজেছে জেন জি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


কেন ‘মাইক্রো ড্রামা’য় মজেছে জেন জি

বিনোদনের ধরন পরিবর্তিত হচ্ছে। দীর্ঘ নাটক এবং ওয়েব সিরিজের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যের নাটকও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে জেনারেশন জেডের (Gen Z) মধ্যে মাইক্রো ড্রামার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কয়েক মিনিটের ছোট ছোট পর্বে গল্পের শুরু, দ্বন্দ্ব এবং নাটকীয় পরিণতি—সব মিলিয়ে মাইক্রো ড্রামা বিনোদনের নতুন মাধ্যম হিসেবে স্থান করে নিচ্ছে।

মাইক্রো ড্রামা মূলত স্বল্পদৈর্ঘ্যের ধারাবাহিক নাটক। সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য এক থেকে তিন মিনিটের মধ্যে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই এসব নাটক স্মার্টফোনে দেখার জন্য উপযোগী ভার্টিক্যাল বা খাড়াভাবে ধারণ করা ভিডিও ফরম্যাটে তৈরি করা হয়। প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, রহস্য, প্রতিশোধ, ধনী-গরিবের সম্পর্কসহ নানা বিষয় এই নাটকগুলোতে উঠে আসে।

কেন জনপ্রিয় হচ্ছে?

মাইক্রো ড্রামার জনপ্রিয়তার একটি প্রধান কারণ এর সংক্ষিপ্ত দৈর্ঘ্য। ব্যস্ততার মাঝে কিংবা যাতায়াতের সময়ও কয়েক মিনিটে একটি পর্ব দেখা সম্ভব। দীর্ঘ সময় ধরে বসে থাকার প্রয়োজন হয় না। এছাড়া, গল্পের দ্রুত গতি দর্শকের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।

এসব নাটকের প্রতিটি পর্বের শেষে প্রায়ই নাটকীয় মোড় বা অপ্রত্যাশিত ঘটনা থাকে। ফলে পরবর্তী পর্বে কী ঘটবে, তা জানার আগ্রহ তৈরি হয়। ছোট পর্ব হলেও গল্পের ধারাবাহিকতা দর্শককে আটকে রাখে।

চীনে জনপ্রিয়তার শুরু

মাইক্রো ড্রামার জনপ্রিয়তা বিশেষভাবে চীনে বেড়েছে। সেখানে এ ধরনের নাটক দেখার জন্য একাধিক বিশেষায়িত অ্যাপ তৈরি হয়েছে। এসব অ্যাপে ছোট ছোট পর্বে সাজানো গল্প প্রকাশ করা হয়। পরবর্তীতে চীনের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশে এই বিনোদনধারা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মাইক্রো ড্রামার বিভিন্ন দৃশ্য ও ক্লিপ ছড়িয়ে পড়ছে।

বদলাচ্ছে বিনোদনের অভ্যাস

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর জেনারেশন জেডের কাছে দ্রুত ও সহজে উপভোগ করা যায়—এমন কনটেন্টের চাহিদা রয়েছে। মাইক্রো ড্রামা সেই চাহিদার সঙ্গে মানিয়ে যাচ্ছে। অল্প সময়ে গল্পের স্বাদ পাওয়া, পছন্দমতো বিষয় বেছে নেওয়া এবং যেকোনো জায়গা থেকে দেখার সুবিধা তরুণদের আকৃষ্ট করছে।

তবে মাইক্রো ড্রামার জনপ্রিয়তার সঙ্গে কিছু প্রশ্নও রয়েছে। দ্রুত দর্শক আকর্ষণের জন্য অনেক সময় গল্পে অতিরিক্ত নাটকীয়তা ও অবাস্তব ঘটনা দেখানো হয়। কিছু প্ল্যাটফর্মে পরবর্তী পর্ব দেখতে অর্থ খরচ করতে হয়। ফলে বিনোদনের এই নতুন মাধ্যম উপভোগের পাশাপাশি কনটেন্টের মান ও খরচের বিষয়েও সচেতন থাকা জরুরি।

সব মিলিয়ে, অল্প সময়ে গল্প উপভোগের সুযোগ মাইক্রো ড্রামাকে নতুন প্রজন্মের বিনোদনের আলোচনায় নিয়ে এসেছে। দীর্ঘ নাটক বা ওয়েব সিরিজের পাশাপাশি এই ছোট পর্বের নাটক ভবিষ্যতে কতটা জায়গা করে নিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন প্রত্যুষ কুমার মজুমদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন প্রত্যুষ কুমার মজুমদার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মধ্যে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

এতে উল্লেখ করা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের মধ্যে অনেকের মাথায় হেলমেট ছিল। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ানকে তিন দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ানকে তিন দিনের কারাদণ্ড

নোয়াখালীর সেনবাগে জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন কবির, যিনি এক পিস ইয়াবা নিয়ে ধরা পড়েন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা হুমায়ুন কবিরকে ইয়াবাসহ আটক করেন। এরপর সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হুমায়ুন কবির ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। তিনি ইউএনওর কাছে জানান, গত চার মাস ধরে তিনি ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন।

ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে তিন দিনের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

হুমায়ুন কবির নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি দুই সন্তানের জনক।

সেনবাগ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবাসহ আটক হওয়ার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়, যেখানে আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে নারী ও শিশু সুরক্ষায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


ঝালকাঠিতে নারী ও শিশু সুরক্ষায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠি, ১৫ নভেম্বর ২০২৬ : আজ জেলায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধের লক্ষ্যে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস অ্যাগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ’ (পিভিএইচপি) প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এতে উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা প্রমুখ।

জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই কর্মশালায় নারী শিক্ষা প্রসারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা এবং এসব বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা উল্লেখ করেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধের জন্য শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিশুদের অধিকার সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে। তারা আরও বলেন, কোনো শিশু বা নারী নির্যাতনের শিকার হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%