০১:৪২ পি.এম
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের বিকাশ ও সুরক্ষায় ব্যাংক ঋণের জটিলতা দূর করতে জামানতবিহীন ঋণ সুবিধার আশ্বাস প্রদান করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, এসএমই ঋণ সুবিধার সম্প্রসারণ এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণের জন্য কিছু নীতিগত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার, মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় এসএমই মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আরও পড়ুন: সরকারি খরচে ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর
মন্ত্রী এ সময় জানান, দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্পোরেট প্রতিযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, উৎপাদন খরচ কম হওয়া ও বেশি মূলধনের সুবিধার কারণে বাজারে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে থাকে। তবে তিনি উল্লেখ করেন, সব খাতে কেবল বড় প্রতিষ্ঠান এলে সাধারণ ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে বাজারে প্রচলিত বাণিজ্যিক ঋণের সুদের হার ১৩ থেকে ১৪ শতাংশ হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষায় ৭ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজারে নিজস্ব প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সহায়তা করার জন্য এসএমই বোর্ডকে বিশেষ সুপারিশমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, দোয়া চাইলেন পরিবার
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ৬ লাখ কিংবা ১২ লাখ টাকার ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর কঠিন শর্তাবলি ও জামানতের বাধ্যবাধকতা একটি বড় প্রতিবন্ধকতা। বড় ব্যাংকিং প্রয়োজনীয়তা পূরণ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব ঋণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক একটি কর্মসূচি চালু করেছে, যার আওতায় নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের কনসেপ্ট ব্যাংকে গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য হলে তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা অনুদান (গ্রান্ট) হিসেবে গণ্য হবে এবং বাকি ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে।
শিল্পমন্ত্রী বলেন, ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম সম্প্রসারণের পাশাপাশি বিসিকের মাধ্যমে সম্প্রতি ৫১১ জন উদ্যোক্তার মাঝে প্রায় ১১ থেকে ১৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এতে ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন এবং স্থানীয় কার্যালয়ের মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়েছে।
তিনি জানান, আগামী দিনে এই জামানতবিহীন ঋণের ক্ষমতা ও পরিমাণ আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
বিএসটিআই সনদ গ্রহণ সহজীকরণের বিষয়ে মন্ত্রী আরও বলেন, রাজশাহী, পাবনা ও বিভিন্ন আঞ্চলিক এলাকায় পরিদর্শনকালে উদ্যোক্তারা বিএসটিআই সনদ পাওয়ার জটিলতা ও ফি সংক্রান্ত নানা কষ্টের কথা তুলে ধরেছেন। বিশেষ করে আঞ্চলিক অফিসগুলোর নির্দিষ্ট সনদ দেওয়ার ক্ষমতা না থাকায় উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। প্রশাসনিক এই বাধা দূর করতে কাজ চলছে এবং শিগগিরই একটি সহজ সমাধান আনা হবে।
আরও পড়ুন: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
এসএমই বোর্ডের সংস্কার ও নতুন ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে ক্রেডিট লিমিট সুবিধা পেতে পারেন, সেজন্য এসএমই বোর্ডকে সার্বিকভাবে ঢেলে সাজানো হচ্ছে। এর অংশ হিসেবে বেসরকারি খাত থেকে একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি জানুয়ারি মাসের শুরু থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন