০১:৫১ পি.এম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও টেকনোলজিস্টরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন। তাঁরা জানিয়েছেন, দাবি না মানলে আগামী সোমবার থেকে কর্মবিরতি এবং পরবর্তীতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) ফটকের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে জানানো সত্ত্বেও কোনো সমাধান মেলেনি। তাঁরা দাবি করেন, বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের পড়াশোনার খরচের সঙ্গে তাঁদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন: রাঙামাটির পর্যটন ব্যবসায় মন্দা, ব্যবসায়ীরা লোকসানের শঙ্কায়
আন্দোলনকারীরা জানান, কর্তৃপক্ষকে দাবি বিবেচনার জন্য এক দিন সময় দেওয়া হয়েছে। যদি এর মধ্যে সমাধান না হয়, তাহলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তবে কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বক্তারা জানান, দ্রুত সমাধান হলে তাঁরা সম্মানের সঙ্গে কর্মস্থলে ফিরে যাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন