১১:৩২ পি.এম
চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আওতাধীন ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের কারণে ১ হাজার ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানসহ একাধিক কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৯৪ জন, পূর্ববর্তী মামলায় ৭০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩২ জন, বিভিন্ন পরোয়ানা মূলে ১৭৬ জন ও সাজা পরোয়ানা মূলে ১৭ জন অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুন: অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
এছাড়া, মাদক মামলায় ৯৫ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার ৯৫ জনের মধ্যে একজন মাদক বহনকারী ও ৯৪ জন মাদকসেবী হিসেবে চিহ্নিত হয়েছেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৪১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ৭ হাজার ৬৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ১৯৮ লিটার চোলাই মদ, ৪৯ বোতল বিদেশি মদ, দুই ক্যান বিয়ার ও ১০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৪ জন, কক্সবাজারে ২ জন, কুমিল্লায় ২ জন, চাঁদপুরে ১ জন, নোয়াখালীতে ২ জন এবং খাগড়াছড়িতে ২ জন রয়েছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন
এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪৫৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৬০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বাধিক ২৫৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৮১ জন, লক্ষ্মীপুরে ১২৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ জন, নোয়াখালীতে ৩৪ জন, রাঙামাটিতে ৩০ জন, কক্সবাজারে ১৮ জন, খাগড়াছড়িতে ১৭ জন, চাঁদপুরে ১০ জন এবং ফেনীতে পাঁচজনকে আটক করা হয়েছে।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মঞ্জিল পরিবহনের বাসে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন