০৬:৩০ পি.এম
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির মন্তব্য করেছেন যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার জন্য কোনো আইনগত বা বৈধ পথ নেই।
তিনি বিভিন্ন মহলে প্রদত্ত বক্তব্যের একটি বড় অংশকে গুজব ও আইন সম্পর্কে অজ্ঞতার ফল হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এই সময়ে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পথ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
আরও পড়ুন: জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
শিশির মনির জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে তা সংশোধন করা হয়। চুক্তির আওতায়, যদি কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায় কিংবা অবস্থান করে, তাহলে সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশে হস্তান্তরের বিধান রয়েছে। তবে, এ ক্ষেত্রে ওই ব্যক্তিকে কারাগারে বন্দি থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
তিনি আরও বলেন, অনেকের ধারণা যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে কারাগারে বন্দি থাকতে হবে। কিন্তু এই ধারণা সঠিক নয়। চুক্তি অনুযায়ী, দণ্ডিত অপরাধী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকেও প্রত্যর্পণ করা সম্ভব।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে শিশির মনির উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।
প্রত্যর্পণ প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, ভারত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ওই ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা করবেন। সেখানে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই-বাছাই করা হবে। নথিপত্র সঠিক ও গ্রহণযোগ্য হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন।
আরও পড়ুন: বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান
তিনি আরো জানান, প্রত্যর্পণের আদেশের পর ভারত সরকার বাংলাদেশের সঙ্গে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি ভাষায় নির্ধারিত ওই স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিয়েন্স’ বলা হয়। পরে নির্ধারিত সময় ও স্থানে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
শিশির মনিরের বক্তব্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে দিন, তারিখ ও হস্তান্তরের স্থান নির্ধারণের মাধ্যমেই প্রত্যর্পণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।
তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত আইনি প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো বৈধ পথ নেই। এ বিষয়ে বিভিন্ন মহলে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তার বড় অংশই গুজব। আবার অনেকে আইন সম্পর্কে যথাযথ ধারণা না নিয়েই নানা ধরনের মন্তব্য করছেন। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত।
মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহমেদ আব্দুল্লাহসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফেনীর ওসির যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় বাসায় আসতে বলার ফোনালাপ ফাঁস
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন