প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেলুচিস্তানে অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের ফলে এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এসব অপহরণ ঘটছে প্রধান মহাসড়ক থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে। সরকারি কর্মকর্তা, নিরাপত্তাকর্মী, শ্রমিক এবং সাধারণ নাগরিক, কেউই এই পরিস্থিতির বাইরে নেই।
পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তে অবস্থিত। এই প্রদেশটি খনিজ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, যা কৌশলগত অবস্থান, খনি শিল্প এবং গুরুত্বপূর্ণ পরিবহন করিডোরের কারণে অর্থনৈতিক দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করে।
তবে, দীর্ঘকাল ধরে এখানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। সশস্ত্র সংগঠনগুলো রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।
ইসলামাবাদভিত্তিক নিরাপত্তা গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এর তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে পাকিস্তানজুড়ে সশস্ত্র সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ৮৮ জনকে অপহরণ করা হয়েছে। সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৭২। ফলে এক মাসে অপহরণের ঘটনা বেড়েছে ২২ শতাংশ। গত এক বছরে এটিই ছিল এক মাসে সর্বাধিক অপহরণের ঘটনা। এর মধ্যে ৭০টি ঘটেছে বেলুচিস্তানে, যা সারা দেশে মোট অপহরণের প্রায় ৮০ শতাংশ।
যদিও সশস্ত্র হামলার সংখ্যা কমেছে, অপহরণের ঘটনা বেড়েছে। অক্টোবরে পাকিস্তানে ১৪৩টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যা সেপ্টেম্বরে ছিল ২২৬। অর্থাৎ হামলার সংখ্যা ৩৭ শতাংশ কমেছে।
পিআইসিএসএসের একই মূল্যায়ন অনুযায়ী, এসব হামলায় নিহতের সংখ্যা ৫৭ শতাংশ কমে ২৬০ থেকে ১১১-এ নেমেছে। আহতের সংখ্যা ৭১ শতাংশ কমেছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, নিরাপত্তাহীনতার একটি আলাদা দিক হিসেবে অপহরণের ঘটনাগুলোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে সাধারণত হামলা ও হতাহতের সংখ্যা বেশি গুরুত্ব পায়। ফলে সশস্ত্র ব্যক্তিদের মাধ্যমে অপহরণের ঘটনাগুলো অনেক সময় যথেষ্ট গুরুত্ব পায় না।
গত ১৬ অক্টোবর সশস্ত্র ব্যক্তিরা রাখশান বিভাগের কমিশনার আসাদ উল্লাহ কাকারের গাড়ি থামিয়ে দেন। তিনি নোশকি-খারান মহাসড়ক দিয়ে কোয়েটা থেকে খারান যাচ্ছিলেন। হামলাকারীরা ওই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও তাঁর চালককে অপহরণ করে। পরে চালককে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনার দায় কোনো গোষ্ঠী প্রকাশ্যে স্বীকার করেনি।
একই ধরনের ঘটনায়, গত ২০ সেপ্টেম্বর খারানের ডেপুটি কমিশনার মুনির আহমেদ সুমরোকে সঙ্গীসহ অপহরণ করা হয়। পরে স্থানীয় উপজাতীয় নেতাদের মধ্যস্থতায় প্রায় দুই সপ্তাহ পর, ৩ অক্টোবর তিনি মুক্তি পান। এ ঘটনা অপহৃতদের উদ্ধারে উপজাতীয় নেতাদের মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরেছে। গত ১৬ অক্টোবর সশস্ত্র ব্যক্তিরা কালাত জেলায় প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে লেভিস ফোর্সের ২০ সদস্যকে অপহরণ করে। চার দিন পর, ২০ অক্টোবর তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।
এর দুই দিন পর খুজদারের নাল এলাকায় একটি খনি থেকে ১৮ জন শ্রমিক ও মার্বেল কারখানার মালিকের ছেলেকে অপহরণ করে সশস্ত্র ব্যক্তিরা। এ সময় পালানোর চেষ্টা করলে এক শ্রমিক গুলিবিদ্ধ হন। হামলাকারীরা খনি থেকে যানবাহন ও সরঞ্জামও লুট করে। এ ঘটনার দায়ও কেউ স্বীকার করেনি।
এসব অপহরণের পেছনে কারা জড়িত, তা অনেক ক্ষেত্রেই স্পষ্ট নয়। কতগুলো ঘটনা সশস্ত্র সংগঠন ঘটাচ্ছে আর কতগুলো অপরাধী চক্রের কাজ, তা নিশ্চিত হওয়া যায়নি। গত সেপ্টেম্বরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী কালাতের কাছে এক অভিযানে ২৩ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। সেনাবাহিনীর দাবি, সশস্ত্র ব্যক্তিরা এন-২৫ মহাসড়কে অবৈধ চেকপোস্ট বসিয়ে যাত্রীদের অপহরণ, মুক্তিপণ আদায় ও যানবাহন ছিনতাই করত। অভিযানে পাঁচজন সশস্ত্র নিহত হয়।
সেনাবাহিনী এসব ঘটনার জন্য ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠীকে দায়ী করেছে। পাকিস্তানি কর্তৃপক্ষ বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও এর সহযোগী সংগঠনগুলোকে এই নামে উল্লেখ করে। বিএলএ পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও অবকাঠামোয় হামলার দায় স্বীকার করেছে। তবে বেলুচিস্তানের সব অপহরণ বা নিখোঁজের ঘটনায় বিচ্ছিন্নতাবাদীরা জড়িত নয়। মুক্তিপণের জন্য অপরাধী চক্রও মানুষ অপহরণ করে। পাশাপাশি রয়েছে জোরপূর্বক গুমের অভিযোগ।
পরিবারগুলোর দাবি, নিরাপত্তা সংস্থাগুলো তাদের স্বজনদের আটক রেখে অবস্থান জানায় না। তবে কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। সশস্ত্র ব্যক্তিদের অপহরণ ও জোরপূর্বক গুম দুটি আলাদা বিষয়।
মানুষের জীবনের ক্ষতির পাশাপাশি এসব অপহরণের বড় অর্থনৈতিক প্রভাবও রয়েছে। খনি, নির্মাণ ও পরিবহন খাতের কাজ শ্রমিকদের বিভিন্ন জেলায় যাতায়াতের ওপর নির্ভরশীল। খুজদারে ১৮ জন খনি শ্রমিককে অপহরণ এবং যানবাহন ও সরঞ্জাম লুটের ঘটনা সরাসরি ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার উদাহরণ। এ ধরনের ঘটনা ভবিষ্যৎ বিনিয়োগেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাকিস্তান সরকারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।
বেলুচিস্তানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি শুধু স্থাপনায় হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। যাতায়াতের সময় কর্মী, ঠিকাদার, সরবরাহকারী ও স্থানীয় অংশীদাররাও অপহরণের শিকার হতে পারেন। ফলে প্রতিষ্ঠানগুলো কর্মীদের যাতায়াত সীমিত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাধ্য হচ্ছে।
এন-২৫ মহাসড়ক করাচি থেকে কোয়েটা হয়ে আফগান সীমান্তের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, এই মহাসড়কে সশস্ত্র ব্যক্তিরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের লক্ষ্যবস্তু করেছিল। এ ধরনের ঘটনা পণ্য পরিবহনে বাধা সৃষ্টি করে এবং পরিবহন ব্যয় বাড়িয়ে দেয়।
বেলুচিস্তানে প্রচলিত সশস্ত্র হামলা কমে গেলেই নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে, এমনটা বলা যায় না। সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রগুলো মানুষকে ভয় দেখানো, ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করতে অপহরণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে অপহরণের ঘটনা পাকিস্তানের নিরাপত্তাহীনতার অন্যতম বড় উদ্বেগ হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন