ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রংপুরে চার খুন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি


রংপুরে চার খুন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

রংপুরে বহুল আলোচিত চার হত্যাকাণ্ডের মামলার তদন্তে আরও তথ্য অনুসন্ধানের জন্য গ্রেপ্তারকৃত আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মহানগর ডিবি পুলিশকে আগামী তিনদিনের মধ্যে যেকোনো দুইদিন, প্রতিদিন তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অষ্টগ্রামে বাবার জানাজায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত শাহিন, ফের কারাগারে

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে বিজ্ঞ আদালতের নির্দেশনায় দুই আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধর ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তারা আসামিদের ইউরিন, ব্লাড, চুল এবং স্যালাইবার (থুথু) নমুনা সংগ্রহের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। তবে রংপুর মেডিকেল কলেজে বর্তমানে শুধুমাত্র ইউরিন পরীক্ষার ব্যবস্থা থাকায়, তাদের ইউরিনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, দুই আসামির কেউই মাদক সেবন করেননি। তাদের টেস্ট রিপোর্টে ইয়াবা বা অন্য কোনো মাদকের উপস্থিতি (পজিটিভ) পাওয়া যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তবে জবানবন্দি দেওয়ার পরে মামলার তদন্তে আরও নতুন নতুন তথ্যাদি সামনে আসায়, বিজ্ঞ আদালতে আসামিদের পুনরায় রিমান্ডের আবেদন করা হয়। কিন্তু আইনগত বাধ্যবাধকতা অনুযায়ী, একবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে আসামিদের পুনরায় পুলিশ রিমান্ডে নেওয়ার সুযোগ না থাকায় আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

এমতাবস্থায়, মামলার সুষ্ঠু তদন্ত ও তথ্য যাচাইয়ের স্বার্থে পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় আবেদন করা হয়। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী, ডিবি পুলিশ আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন, প্রতিদিন সর্বোচ্চ তিন ঘণ্টা করে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

আরও পড়ুন: প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জবির ঠিকাদার রুমী গ্রেপ্তার

উল্লেখ্য, রংপুরের এই নৃশংস চার খুনের ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পুলিশ ঘটনাটির নেপথ্যের কারণ উদঘাটনে নিবিড়ভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাত ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেছে, যা দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা এবং আকাশসীমায় ইরানি ড্রোনের অনুপ্রবেশের ঘটনার প্রেক্ষিতে এসেছে।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার নতুন মাত্রা সৃষ্টি করেছে, যখন দেশটির জলসীমার ওপর একটি ইরানি ড্রোন হামলা প্রতিহত করা হয়।

একটি সরকারি বিবৃতিতে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোন হামলার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এটিকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে চিহ্নিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের ওপর সংঘটিত যেকোনো বৈরী আচরণের বিরুদ্ধে ‘সম্পূর্ণ ও বৈধ জবাব দেওয়ার অধিকার’ আমিরাত সরকার সংরক্ষণ করে।

সম্প্রতি দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরান কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয়। এরপর ইরান দাবি করে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তু এবং সংযুক্ত আরব আমিরাতের ‘আল মেনহাদ’ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

যদিও ইরান বিমানঘাঁটিতে সফল হামলার দাবি করেছে, আবুধাবি সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা জানায়, তাদের কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জলসীমার ওপর লক্ষ্যভ্রষ্ট ড্রোনের হামলা নস্যাৎ করেছে।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি সামরিক দ্বন্দ্ব বর্তমানে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও বাণিজ্য রুটের ওপর চরম প্রভাব ফেলতে শুরু করেছে। ড্রোন প্রতিহতের ঘটনা এবং আবুধাবির পাল্টা জবাব দেওয়ার কড়া বার্তায় আরব উপসাগরে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র:

আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় মাদকমুক্ত তারুণ্য গড়তে ছাত্রদলের ক্রীড়া উপহার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


দীঘিনালায় মাদকমুক্ত তারুণ্য গড়তে ছাত্রদলের ক্রীড়া উপহার

মাদকের প্রভাব থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রেখে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদল শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে। তাদের বিশ্বাস, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি পেলে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ সৃষ্টি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী রশিদনগর দাখিল মাদ্রাসা মাঠে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল-আমিন এবং জেলা ছাত্রদলের সদস্য ও দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকেরা জানান, মাঠে খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উদ্বুদ্ধ করা হবে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল-আমিন মন্তব্য করেন, "তরুণদের হাতে মাদকের পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দিতে চাই। একজন তরুণ মাঠে থাকলে তার শরীর ও মন দুটোই ভালো থাকে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে।"

তিনি আরও যোগ করেন, "আমরা চাই দীঘিনালার প্রতিটি মাঠ আবার তরুণদের পদচারণায় মুখর হোক। মাদককে না বলে তরুণরা খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হোক—এটাই আমাদের প্রত্যাশা।"

স্থানীয়দের মতে, তরুণদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণের মতো উদ্যোগ কেবল খেলাধুলাকে উৎসাহিত করে না, বরং তাদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখতেও সহায়তা করে। মাদক প্রতিরোধে এমন উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শের-ই-বাংলা মেডিকেলে দেলোয়ারের রাজত্ব: মাদকাসক্তি থেকে চাঁদাবাজিতে জিম্মি কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

বিশেষ প্রতিবেদক, বরিশাল

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


শের-ই-বাংলা মেডিকেলে দেলোয়ারের রাজত্ব: মাদকাসক্তি থেকে চাঁদাবাজিতে জিম্মি কর্মচারীরা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) দেলোয়ার নামের একজন বিতর্কিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অনাকাঙ্ক্ষিত বহিরাগত প্রভাব, রোগী হয়রানি ও চাঁদাবাজির। ভুক্তভোগী রোগী, সাধারণ কর্মচারী এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, হাসপাতাল চত্বরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে জালিয়াতি, অবৈধ দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে। এর ফলে ঐতিহ্যবাহী এই সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

রাজনৈতিক পরিচয় পরিবর্তন ও কর্মচারীদের জিম্মি করার অভিযোগের অনুসন্ধানে জানা গেছে, সুবিধাজনক অবস্থান বুঝে রাজনৈতিক পরিচয় পরিবর্তনে অভ্যস্ত একটি চক্র রয়েছে। অতীতে ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়ে সুবিধা গ্রহণ করলেও পটপরিবর্তনের পর দেলোয়ার আউটসোর্সিং কর্মচারীদের স্বঘোষিত নেতা হয়ে ওঠেন। সাধারণ কর্মচারীদের বকেয়া বেতন ও বিভিন্ন দাবি আদায়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা ভ্রমণের খরচের নামে নিয়মিত মোটা অঙ্কের টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আউটসোর্সিং কর্মী জানিয়েছেন, প্রতিনিয়ত ভয়ভীতি ও মানসিক নির্যাতনের শিকার হওয়ায় সাধারণ কর্মচারীরা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

দেলোয়ারের মাদকাসক্তি ও অতীতে মারধরের ঘটনার কথা পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত। ইতিপূর্বে পরিবারের উদ্যোগে তাকে দুইবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হলেও তার আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি; বরং রিহ্যাব থেকে ফেরার পর হাসপাতালকেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েন। অতীতে হাসপাতাল প্রাঙ্গণে একটি অ্যাম্বুলেন্স আটকে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অ্যাম্বুলেন্স চালক ও সহযোগীদের ওপর হামলা চালানো হয়।

হাসপাতালের ৫ম তলার ডক্টরস ক্যান্টিনটি অবৈধভাবে দখলের চেষ্টা চলছে, যার অংশ হিসেবে পরিচালক মাজেদ এবং তার ছেলে আরিফুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাবেক স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রতিনিধি হিসেবে ছায়াতলে থেকে দেলোয়ার নিজের এজেন্ডা বাস্তবায়ন করছেন। স্থানীয়রা জানান, মেডিকেলের সম্মুখভাগে অবস্থিত একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তার সরাসরি ইন্ধন রয়েছে।

সাধারণ রোগী ও কর্মচারীরা হাসপাতাল চত্বরে দালালি, দখলদারি ও চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-ভুক্ত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। 

তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপিভুক্ত প্রকল্পগুলোর ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, কোনো প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পথে থাকলে এবং প্রকল্পটি বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তবে মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনোভাবেই প্রকল্প ব্যয় বৃদ্ধি করা যাবে না।

সভার শুরুতে ‘সংগঠন ও ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৬’, ‘ওএন্ডএম ম্যানুয়্যাল’ প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৫’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব মুহাম্মদ আব্দুস সালাম, পরিকল্পনা কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাও অনলাইনে যুক্ত হয়ে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%