০৯:২৭ এম
দেশে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মেলন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে হবে। ৫ শতাধিক ইউএনও সরাসরি সরকারের প্রধান তারেক রহমানের দিকনির্দেশনা গ্রহণ করবেন। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ইউএনওদের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর সরাসরি দিকনির্দেশনায় মাঠ প্রশাসন আরও উজ্জীবিত হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে, উপজেলা উন্নয়নে সব ধরনের বাধা কাটানোর জন্য প্রধানমন্ত্রী নানা দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ইউএনওদের নিয়ে এ সম্মেলন এক দিনের হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজনের রেওয়াজ রয়েছে। ডিসিরা মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা সরকারের মন্ত্রী-সচিবদের সামনে তুলে ধরেন। একইভাবে ইউএনওরা যদি সরকারের কাছে মাঠ প্রশাসনের সমস্যাগুলো তুলে ধরেন, তাহলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোথায় সমস্যা হচ্ছে, সেটি সরকারের জন্য জানা সহজ হবে। এ কারণে ডিসি সম্মেলনের আদলে ইউএনও সম্মেলন আয়োজনের মাধ্যমে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত সারা দেশের ইউএনওদের নিয়ে এক সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রতি বছর ইউএনওদের নিয়ে সম্মেলন করার প্রস্তাব দেন। ওই সভায় মন্ত্রিপরিষদ সচিবও উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা প্রদানে ইউএনওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর ডিসি সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। সম্মেলন আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে। প্রধানমন্ত্রীর সময় চাওয়ার বিষয়টি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইউএনও সম্মেলন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীর সময় চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর এটি হবে এমন প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটি কোথায় অনুষ্ঠিত হবে জানতে চাইলে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ভেন্যু এখনও ঠিক হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এবং বিকল্প ভেন্যু হিসেবে ওসমানী উদ্যান বিবেচনায় রয়েছে। সম্মেলনের আলোচ্যসূচি নিয়েও কাজ চলছে বলে জানা গেছে।
সূত্র জানায়, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ডসহ অগ্রাধিকার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। গ্রামগঞ্জে যারা প্রবাসে আছেন, তারা যেন বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে পারেন, এজন্য প্রবাসী কার্ড নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েও আলোচনা হবে। শুধু নামমাত্র গাছ লাগিয়ে দায় শেষ করা নয়, বরং বৃক্ষরোপণ যেন সত্যিকারভাবে উপকারে আসে, সে বিষয়ে দিকনির্দেশনা আসবে। সরকারের খাল খনন সংক্রান্ত বাধা ও কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া, সম্মেলনে উপজেলার উন্নয়ন কার্যাবলির সমন্বয়, সরকারি কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে গতিসঞ্চার, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ইত্যাদি বিষয়গুলো আলোচিত হবে।
সভায় প্রধানমন্ত্রী ইউএনওদের কাছ থেকে এলাকার উন্নয়নে সরাসরি নানা বিষয়ে শুনতে পারবেন। ইউএনওদের সরাসরি সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার ফলে প্রান্তিক উন্নয়ন, সমস্যা বা এলাকার রাজনীতির হস্তক্ষেপ থাকলেও সেটি তুলে ধরার সুযোগ থাকবে ইউএনওদের।
মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে ইউএনওদের যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরাও সম্মেলনে সরাসরি দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: বঞ্চিত ঠিকাদারদের সুযোগ দিতে আইন সংশোধন, বিরোধীদের স্বজনপ্রীতির শঙ্কা
সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, "এটি সরকারের খুবই ভালো উদ্যোগ। এতে কর্মকর্তারা উজ্জীবিত হন। কাজেও গতি আসে। মাঠের সমস্যা সরাসরি বলতে পারেন। প্রধানমন্ত্রীও লিখিত তথ্যের চেয়ে বিষয়গুলো সরাসরি শুনতে পারেন।"
তিনি আরও বলেন, "এরশাদ শাসনামলে এটি হয়েছিল, তবে সব ইউএনওকে নিয়ে একত্রে নয়, বিভাগ অনুযায়ী। আমি মনে করি, সব ইউএনওকে নিয়ে আলোচনা করলে জনসভার মতো হতে পারে, সরকারপ্রধানের সঙ্গে বৈঠকটা কয়েকটা জেলা বা বিভাগওয়ারি হলে আরো কার্যকর হবে। সরকারপ্রধান এবং ইউএনওদের যোগাযোগ কার্যকর হবে বেশি।"
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
আরও পড়ুন: ৯ দিনে ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন